ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আইন জারি করেও যেন সংবিধানে পরিবর্তন আনা না যায় সেভাবেই সংবিধান সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "সংবিধান সংশোধনের ক্ষমতা আছে শুধু সংসদের। তাই ভবিষ্যতে সামরিক আইন জারি করেও কেউ যাতে সংবিধানে পরিবর্তন আনতে না পারে- সেভাবেই এটি সংশোধন করা হচ্ছে।"
১৫ সদস্যের সংসদীয় বিশেষ কমিটি সংবিধান সংশোধনে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বুধবার আইনমন্ত্রী বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে নয়, জাতিকে কলঙ্কমুক্ত করতেই এই বিচার হচ্ছে।"
বীমা প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীমা খাতের উদ্যোক্তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, "একজন বিনিয়োগকারী লাভের আশায় ঝুঁকি নিয়ে এ খাতে অর্থ বিনিয়োগ করে। এ জন্য আপনাদের সততা, দক্ষতা ও স্বচ্ছতা অত্যন্ত দরকার।"
এ খাতকে আরো গতিশীল করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অন্যদের মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সংসদ সদস্য জাহিদ মালিক, ব্যবস্থাপনা পরিচালক এম মাহফুজুল বারী চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/১৭৫৩ ঘ.
bdnews24