২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্লীলতা-পাইরেসির‌্যাবের অভিযানের পর ব্যবসায়ীদের গাড়ি ভাংচুর

রাজধানীর মিরপুরে অশ্লীল ও পাইরেটেড সিডি-ডিভিডি উদ্ধারে র‌্যাবের অভিযানের পর সেখানে গাড়ি ভাংচুর করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে অশ্লীল ও পাইরেটেড সিডি-ডিভিডি উদ্ধারে র‌্যাবের অভিযানের পর সেখানে গাড়ি ভাংচুর করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে এক বস্তা সিডি-ডিভিডি উদ্ধার, তিনজনকে গ্রেপ্তার ও তিনটি কম্পিউটার জব্দ করে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- নাসির উদ্দিন(৩২), মাহমুদুল (২০) ও দীন ইসলাম (২৯)। বিকেল ৪টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে কো-অপারেটিভ মার্কেটে র‌্যাব অভিযান চালানোর প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তায় নেমে পড়েন। তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং রাস্থায় টায়ার জালিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ বাধা দিলে প্রায় আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। র‌্যাব-৪ কর্মকর্তা মো. নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল ওই মার্কেটে অভিযান চালিয়ে বেশ কিছু অশ্লীল সিডি, ডিভিডি এবং নাটক সিনেমার পাইরেসি সিডি, ডিভিডি উদ্ধার করে। শাহআলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের অভিযানের পর লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দারুস সালাম থানার উপ-পরিদর্শক ইয়াসিন মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কো অপারেটিভ মার্কেটের তিনটি দোকান থেকে তিনজনকে গ্রেপ্তার, তিনটি কম্পিউটার এবং অশ্লীল-পাইরেটেড এক বস্তা সিডি,ডিভিডি উদ্ধার করে র‌্যাব। "এরপরই এই মার্কেটসহ পাশের মুক্তিযোদ্ধা মাকের্টের ব্যবসায়ীরা একত্রিত হয়ে রাস্তা নেমে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।" পরে পরিস্থিতি স্বাভাবিক হয় জানিয়ে ইয়াসিন বলেন, ব্যবসায়ীরা দোকান খুলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮১৪ ঘ.