চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়া উপজেলার ডাকবাংলোর মোড় এলাকায় ট্রাকচাপায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিয়া দত্ত (১২) পটিয়া ভাটিখাইন গ্রামের দিপক দত্তর মেয়ে। সে পটিয়া আব্দুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল চারটায় স্কুল থেকে ডাকবাংলো এলাকার বাসায় ফিরছিলেন প্রিয়া।
এসময় মালবাহী একটি ট্রাক আসতে দেখে ডাকবাংলোর সীমানা দেয়াল ঘেষে দাঁড়িয়ে পড়ে সে। ট্রাকটি যাওয়ার সময় প্রিয়াকে দেয়ালে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালককে গ্রেপ্তার করতে পারে নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২১২০ ঘ.
bdnews24