ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচার মামলায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই'র এক কর্মকর্তাকে সাক্ষী হিসেবে আনছে রাষ্ট্রপক্ষ।
রোববার ঢাকার আদালতে মামলার শুনানির পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিসুল হক এবং মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্তদের যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসেবে বিবরণী তদন্তকারীদের অন্যতম এফবিআই কর্মকর্তা ডেবরাহ হেপ্রেভেটকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকবেন তারা।
ডেবরাহ এ মামলার তালিকাভুক্ত সাক্ষী না হলেও অভিযোগ প্রমাণের জন্য তাকে সাক্ষী করা হচ্ছে।
পরবর্তী শুনানির দিন তাকে সাক্ষী হিসেবে উপস্থাপনের বিষয়টি আদালতকে জানানো হবে বলে আইনজীবীরা জানান।
এদিকে এ মামলায় রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন আরো দুজনের সাক্ষ্য নিয়েছেন।
তারা হলেন-চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার এবং ওই প্রকল্পের জ্যেষ্ঠ সহকারী প্রধান হাবিবুর রসুল।
দুজনই এ মামলার জব্দ তালিকার সাক্ষী। তারা কনটেইনার ইয়ার্ড নির্মাণের দরপ্রস্তাব জব্দ করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এ নিয়ে ২৩ জনের মধ্যে সাত জনের সাক্ষ্য নেওয়া হলো।
আগামী ২৫ এপ্রিল আরো তিন জনের সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন বিচারক।
এ মামলায় এর আগে গত ৮ ফেব্র"য়ারি সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ, ওয়াশিংটনে সাবেক কনসুলার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল একে খালেকুজ্জামান, ১৯ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সচিব কবির আহম্মেদ এবং কাফরুল থানার সাবেক ওসি সালাউদ্দিন আহমেদ এবং ৪ জানুয়ারি মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবু সাইদ সাক্ষ্য দেন।
কোকো ছাড়াও এ মামলা আসামি সাবেক নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন।
২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় মামলার পর গত বছরের ৩০ নভেম্বরে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
মামলায় দুজনের বিরুদ্ধে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের মধ্যে কোকো এখন থাইল্যান্ডে। সায়মন রয়েছেন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫২০ ঘ.
bdnews24