দিনাজপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে দুই মাথা ও চার হাত বিশিষ্ট একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধু।
চিকিৎসকরা বলেছেন, চিকিৎসা বিদ্যায় এটাকে জোড়া লাগানো জমজ বা কনজয়েন্ট টুইন শিশু বলা হয়।
দিনাজপুর শহরের ফুলতলা শ্মশান ঘাট এলাকার বাসিন্দা ট্রাক্টর চালক রবিউল ইসলাম ও ইয়াসমিন দম্পতির কোলে এই শিশুটি জন্ম নিয়েছে। রবিউল জানান, এটি তাদের দ্বিতীয় সন্তান।
শুক্রবার সকাল ৮টার দিকে দিনাজপুর শহরের একটি ক্লিনিকে ধাত্রী বিশেষজ্ঞ ডা. আইনুন নাহার অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে ভুমিষ্ঠ করান।
ডা. আইনুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের শিশুকে কনজয়েন্ট টুইন বলা হয়। একটি শরীরে ৪টি হাত ও দুটি মাথা ছাড়া অন্য অঙ্গপ্রতঙ্গ স্বাভাবিক রয়েছে।
শিশুটিকে বাঁচিয়ে রাখা সম্ভব কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তী পরীক্ষা-নীরিক্ষার পর শিশুটি'র ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।"
এদিকে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে পরিবারের লোকজন শিশুটিকে বাসায় নিয়ে গেছে। বর্তমানে শিশুটি স্বাভাবিক রয়েছে।
তাকে দেখার জন্য ওই বাড়িতে হাজার হাজার লোক ভিড় জমিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৩৩ ঘ.
bdnews24