২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্টে-কার্লো উৎসবে আলোচিত 'ক্ষুদ্র ঋণ'

আলোচিত প্রামাণ্যচিত্র 'ক্ষুদ্র ঋণ' যুক্তরাষ্ট্রের মন্টে-কার্লো টেলিভিশন উৎসবে মনোনীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত প্রামাণ্যচিত্র 'ক্ষুদ্র ঋণ' যুক্তরাষ্ট্রের মন্টে-কার্লো টেলিভিশন উৎসবে মনোনীত হয়েছে। প্রামাণ্যচিত্রটির নির্মাতা ডেনিশ সাংবাদিক টম হাইনম্যান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। যুক্তরাষ্ট্রের মোনাকোর মন্টে-কার্লোতে জুনে অনুষ্ঠেয় ২০১১ টেলিভিশন উৎসবে এটি 'সেরা সংবাদ প্রামাণ্যচিত্র' শ্রেণীতে প্রদর্শিত হবে। উৎসবে প্রামাণ্যচিত্রটি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় হাইনম্যান বলেন, সেরা সংবাদ প্রামাণ্যচিত্র হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত। "যুক্তরাষ্ট্রের গ্রামীণ ফাউন্ডেশন এবং জনসংযোগ প্রতিষ্ঠান বার্সন-মার্সটেলারের ব্যবস্থাপনায় আমার এবং প্রামাণ্যচিত্রটি সম্পর্কে যখন অর্থহীন লেখালেখি ও প্রচার হচ্ছে সেরকম সময়ে এটি মনোনীত হলো। মনোনয়ের জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না" গত বছরের ডিসেম্বরের শুরুতে প্রামাণ্যচিত্রটির নরওয়েজিয়ান সংস্করণ প্রচার হয় নরওয়ের টেলিভিশন এনআরকেতে। এতে শান্তিতে নোবলেজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গ্রামীণ ব্যাংক থেকে প্রায় ১০ কোটি ডলার সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে নিয়ম-বহির্ভূতভাবে স্থানান্তরের অভিযোগ ওঠে। এ নিয়ে দেশে-বিদেশে প্রবল আলোচনা শুরু হয়। এক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিটি করে সরকার। এদিকে অনুমোদনহীনতার কারণ দেখিয়ে গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস এর বৈধতা চ্যালেঞ্জ করলেও হাইকোর্ট ও আপিল বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বৈধ বলে রায় দেয়। আপিল বিভাগের রায়ের দিনই (গত ৫ এপ্রিল) তা প্রত্যাহারের আবেদন করেন ইউনূস। সে আবেদনের শুনানি আগামী ২ মে পর্যন্ত মুলতবি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২০৪৩ ঘ.