বরিশাল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদরে খোলা বাজারে বিক্রির ৬৭ বস্তা চালসহ এক আড়ত মালিককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে চালের বাজার ফড়িয়াপট্টিতে অভিযান চালিয়ে মো. লিটন হাওলাদারকে (৩৫) আটক করা হয়। তিনি বরিশাল বাণিজ্য ভান্ডারের মালিক।
কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল বাণিজ্য ভান্ডারে ওএমএস'র চাল রয়েছে, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৩ ঘ.
bdnews24