২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামের মানুষ বেসরকারি ব্যাংকের সেবা পাচ্ছে না'

গ্রামীণ জনসাধারণ বেসরকারি ব্যাংকগুলোর সেবা পাচ্ছে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এসব ব্যাংক অতিরিক্ত মুনাফা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- গ্রামীণ জনসাধারণ বেসরকারি ব্যাংকগুলোর সেবা পাচ্ছে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এসব ব্যাংক অতিরিক্ত মুনাফা করছে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "শহরকেন্দ্রিক ব্যবসা করে বেসরকারি ব্যাংকগুলো অতিরিক্ত মুনাফা করছে। পাবলিক ব্যাংকগুলোকে মানুষের কল্যাণে কাজে লাগানো গেলে উন্নয়ন তরান্বিত হবে।" জনতা ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বেশি মুনাফা করতে পারলে তা তো আপনারাই ভোগ করতে পারবেন।" পাশাপাশি অনিয়ম-দুর্নীতি বন্ধে ব্যাংক কর্মকর্তাদের সচেতন হওয়ারও আহবান জানান তিনি। দেশে আর কোনো দিন মঙ্গা হবে না- দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, গত দুই বছর চালের দাম বাড়লেও কেউ না খেয়ে থাকেনি। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। নারী নীতি নিয়ে যারা কুরআন বুকে নিয়ে হরতাল করেছে, তারাই মুক্তিযুদ্ধে নরপিশাচের ভূমিকায় ছিলো বলেও মন্তব্য করেন তিনি। জনতা ব্যাংকের চেযরাম্যান আবুল বারকাত রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে জনগণের ব্যাংক উল্লেখ করে তিনি বলেন, "টিকে থাকলে হলে বেসরকারি ব্যাংক যেভাবে কাজ করে, তার সঙ্গে সম্মিলন ঘটাতে হবে।" অন্যদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদ মহানগর কমিটির সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, ব্যাংকের পরিচালক ড. মো. আব্দুর রউব সরদার, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, নজিবর রহমান, ব্যাংকের মহা-ব্যবস্থাপক মো. মহসীন, জনতা ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি এ কে এম নূরুল আলম, সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৮০৪ ঘ.