ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হওয়ায় মধ্যবর্তী নির্বাচন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার দুপুরে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, ''বর্তমান সরকার জন-বান্ধব সরকার নয়। দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস সঙ্কটের মতো মানুষের মৌলিক সমস্যা সমাধানে তাদের কোনো অনুভূতি নেই। তাই খালেদা জিয়ার নেতৃত্বে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলনে নামতে হবে। এটা জরুরি হয়ে পড়েছে। এর কোনো বিকল্প নেই।''
জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর উদ্যোগে 'বিদ্যুৎ সমস্যা: বাংলাদেশের উন্নয়ন' শীর্ষক এই জাতীয় সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকৌশলী আসফাক আহমদ।
বিদ্যুৎ সংকট নিরসনে বর্তমান সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে হান্নান শাহ বলেন, "বিদ্যুৎ নিয়ে তারা (সরকার) সত্য বলছেন না। প্রতিনিয়ত মিথ্যাচার করেছেন। সরকারের ভাষ্য অনুযায়ী জাতীয় গ্রিডে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। তাহলে এখনো কেন বিদ্যুৎ আসে আর যায়।''
তিনি অভিযোগ করেন, সরকার একটি নির্দিষ্ট এজেণ্ডা নিয়ে এগুচ্ছে। তা হচ্ছে-প্রতিবেশী দেশের স্বার্থরক্ষা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, দেশের স্বার্থ বিকিয়ে দেয়া।
প্রকৌশলী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাবেক পরিকল্পনা সচিব জাফর আহম্মদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল জলিল, ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস-এর সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ আলামিন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর সহ-সভাপতি এ কে এম আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/কেএমএস/১৪৪৪ ঘ.
bdnews24