চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দ্বিতীয়বারে প্রাকবাজেট আলোচনায় এসে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট গঠনের কথা আবার বললেন এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমদ।
তিনি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত প্রাকবাজেট মতবিনিময় সভায় এ বছরের জুনের মধ্যে চট্টগ্রামে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট স্থাপন করা হবে বলে জানান।
গতবছরও চট্টগ্রামে প্রাকবাজেট আলোচনায় তিনি দ্রুত বন্ড কমিশনারেট গঠনের ঘোষণা দিয়েছিলেন।
এক বছরেও ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় সভার শুরুতে চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
ব্যবসায়ী নেতারা সভায় প্রাক জাহাজীকরণ প্রথা (পিএসআই) বাতিলের আহ্বান জানান।
এনবিআর চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুসারে আরো দু'বছর পিএসআই পদ্ধতি থাকবে।
বন্ড কমিশনারেট প্রসঙ্গে নাসিরউদ্দিন বলেন, আগামী জুন মাসের মধ্যেই চট্টগ্রামে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট গঠন এবং চট্টগ্রাম কাস্টমস হাউজের আমদানি-রপ্তানি শাখা একীভূত করা হবে।
"২০০৯-১০ অর্থ বছরে বন্ড কমিশনারেট গঠনের ঘোষণা বাস্তবায়ন না করতে পারাটা ব্যর্থতা।"
৯ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন মূসক (মূল্য সংযোজন কর) আইন উপস্থাপন করবেন- এ কথা জানিয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, মূসক ও শুল্ক পরিশোধে ব্যবসায়ীদের হয়রানি কমাতে অনলাইন পদ্ধতি চালু করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিসিসিআই সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক এম এ ছালাম, চেম্বারের প্রাক্তন সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২০৬ ঘ.
bdnews24