২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির ট্যাঙ্ক থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার ১০ দিন পর রাজধানীর উত্তরা থানা এলাকার একটি বাসার পানির ট্যাঙ্ক থেকে এক সাংবাদিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ১০ দিন পর রাজধানীর উত্তরা থানা এলাকার একটি বাসার পানির ট্যাঙ্ক থেকে এক সাংবাদিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হোসেন আলতাফ (৬২) সাপ্তাহিক বজ্রকণ্ঠের সম্পাদক। বাড়ি দখলের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা চার নম্বর সেক্টরের এক নম্বর সড়কের ১০ নম্বর বাসার ওই ট্যাঙ্ক থেকে পলিথিন প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই শাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ওই বাসাটি বড় ভাই হোসেন আলতাফের। তিনি সেখানে একাই থাকতেন। গত ২৮ মার্চ থেকে আলতাফকে পাওয়া যাচ্ছিলো না। ওই দিন থেকে বাড়ির কেয়ারটেকার সাজুও নিখোঁজ রয়েছেন। শাখাওয়াত জানান, এ ঘটনায় ৪ এপ্রিল উত্তরা থানায় একটি অপহরণ মামলা করা হয়। এতে জুয়েল, হাবিব, ইমতিয়াজ ও জয়নুলকে আসামি করা হয়। "আলতাফ তার স্ত্রী মাহমুদা বেগম ছেলে সজীবসহ কানাডায় বসবাস করতেন। তবে অভিযুক্তরা পাঁচ কাঠার ওপর নির্মিত একতলা বাড়িটি দখলের পাঁয়তারা করায় ২০০৮ সালে স্ত্রী ও ছেলেকে কানাডায় রেখে বাংলাদেশে চলে আসেন।" এই বাড়িটি জন্যই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন শাখাওয়াত। আলতাফের বাড়ি পিরোজপুুরের স্বরূপকাঠির মেসন্দায়। উত্তরা থানার ওসি রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমতিয়াজ ও জয়নুলকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আলতাফের লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন ওই বাড়িটি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/কিউএইচ/এএল/১৫৪৭ ঘ.