কক্সবাজার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনোই কুরআন-সুন্নাহবিরোধী কোনো কাজ করবে না।
নারী উন্নয়ন নীতির বিরোধিতার নামে বিরোধী দল 'ধর্মের নামে ব্যবসা' করছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার কক্সবাজারে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে নারী উন্নয়ন নীতির বিরোধিতার নামে বিরোধী দল ধর্মের নামে ব্যবসা শুরু করেছে।
কুরআনের কয়েকটি আয়াত উল্লেখ করে তিনি বলেন, "কুরআন-সুন্নাহর ওপর ভিত্তি করেই নারী নীতি প্রণয়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো কুরআন-সুন্নাহবিরোধী কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।"
মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদনের পর এর বিরোধিতা করছে কয়েকটি ইসলামী দল। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে সোমবার হরতালও ডেকেছেন।
আওয়ামী লীগের উদ্যোগে কক্সবাজার শহরের পুরাতন সী-বিচ রেস্ট হাউস (জেলে পার্ক) মাঠে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "২০০১ সালের নির্বাচনে বিএনপি দেশ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিলো। আওয়ামী লীগের কারণে তারা সফল হয়নি। কিন্তু এখনো তারা সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।"
"আওয়ামী লীগ দেশের সম্পদ রক্ষার জন্য কাজ করে। কিন্তু বিএনপি দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে", বলেন হাসিনা।
সকালে কক্সবাজার পৌঁছার পর প্রধানমন্ত্রী শহরতলীর ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাঁটি উদ্বোধন করেন। পরে তিনি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং দোহাজারি-কক্সবাজার-ঘুমধুম রেললাইনের ভিত্তিস্থাপন করেন। কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের সাবমেরিন ক্যাবলের আপগ্রেড কার্যক্রমও উদ্বোধন করেন তিনি।
ডাক বাংলোয় জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর জনসভায় আসেন হাসিনা।
কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্র"তি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে।
বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমের কারণে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত কুতুবদিয়াপাড়ার ৬০ হাজার মানুষকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে বলে জানান তিনি।
কক্সবাজারে পূর্ণাঙ্গ নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, কক্সবাজার মহিলা কলেজে অনার্স কোর্স চালুসহ ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস করার প্রতিশ্র"তি দেন প্রধানমন্ত্রী। বাঁকখালী নদীতে ড্রেজিং ও শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি একে আহমদ হোছাইনের সভাপতিত্বে জনসভায় কয়েকজন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.
bdnews24