সিরাজগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে মোহনপুর ইউনিয়নের চরমোহনপুর ও বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়। পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে শহিদ, নওশের ও ইউসুফ আলীকে উল্লাপাড়া ২০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে দহকুলা নদীর পাশে আয়োজিত বারুনীস্নানের মেলায় চরমোহনপুর গ্রামের আল-আমিন ও চাকসা গ্রামের সুমনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তার জের ধরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘাত থামানোর পর ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও শতাধিক লাঠি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24