২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি বন্ধে সমন্বিত সহযোগিতার সুপারিশ

শিশুদের যৌন হয়রানি বন্ধে সরকারি এবং বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতার সুপারিশ করেছে ইউনিসেফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের যৌন হয়রানি বন্ধে সরকারি এবং বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতার সুপারিশ করেছে ইউনিসেফ। মঙ্গলবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ইউনিসেফের 'শিশুদের ওপর যৌন হয়রানি ও বাণিজ্যিক নির্যাতন: জাতীয় কৌশল ও কর্ম পরিকল্পনা' শীর্ষক একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। জরিপ প্রতিবেদনটির সময়সীমা ছিলো ছয় মাস। ১০টি জেলা ও মেট্রোপলিটন এলাকার বিভিন্ন শ্রেণীর মোট একশ ৩০ জন ছেলে ও মেয়ে শিশুর ওপর এ জরিপ করা হয়। প্রকাশিত জরিপে জানা যায়, যৌন হয়রানির শিকার এমন মাত্র ৬৯ জনে দু'জন সময়মতো আইনী সহায়তা চেয়ে তা পেয়েছেন। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে এ ধরণের ঘটনা ঘটলেও তারা সামাজিক মর্যাদাহানির ভয়ে আইনী সহায়তা চায় না। অভিযোগ করলে ভুক্তভোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী বানানো হয়। গবেষক থেরেস ব্লানচেট জরিপের ফলাফলে সুপারিশ করেছেন, শিশুদের যৌন হয়রানি বন্ধে স্কুলে যৌন বিষয়ক শিক্ষা প্রবর্তন এবং কর্মক্ষেত্রে মেয়ে শিশুদের জরুরি রাত্রি যাপনের জন্য আশ্রয় কেন্দ্র বৃদ্ধি ইত্যাদি। সুপারিশে বেসরকারি সংস্থাগুলোর কাজের পরিধি আরো বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সরকারের ভূমিকা আরো জোরালো করার সুপারিশ করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিশেল সেন্ট লট ও শিশু প্রতিরক্ষা বিভাগের প্রধান রোজ অ্যান পাপাভেরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/পিডি/২২২০ ঘ.