২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের রিট খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ হয়। রিট খারিজের আদেশে বলা হয়েছে, ১৯৯৯ সালের পর থেকে ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকে ছিলেন। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় গত ৮ মার্চ। কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতির আদেশ দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পরদিন হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের মধ্যে নয়জন একই দিনে একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসের অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিট খারিজের আদেশে আদালত বলেছে, ৬০ বছর পূর্ণ হওয়ার পর আবেদনকারী ইউনূসের চাকরিতে থাকার আর কোনো বৈধ অধিকার ছিল না। ৬০ বছর বয়স সংক্রান্ত ১৯৯৩ সালের চাকরিবিধি সবার জন্য প্রযোজ্য হবে। "ব্যবস্থাপনা পরিচালকের জন্য ২০০১ সালে যে চাকরিবিধি করা হয়েছিল তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত। মূল আইন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। ১৯৯৩ সালের চাকরিবিধি সংশোধন না করে কেবলমাত্র ব্যবস্থাপনা পরিচালকের কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য এটা করা হয়েছে।" আদালত আরো বলে, রিট আবেদনকারীর আইনজীবীরা শুনানিতে বলেছিল, ১৯৯৩ সালের চাকরিবিধি ভূতাপেক্ষ (পূর্ববর্তী সময় থেকে) প্রযোজ্য হবে না। তবে ১৯৯৯ সালের রেজুলেশনকে বৈধতা দিতে ব্যবস্থাপনা পরিচালকের জন্য করা ২০০১ সালে চাকরিবিধি ভূতাপেক্ষ প্রয়োগ হবে। আদালত আইনজীবীদের এ অবস্থানকে পরস্পরবিরোধী হিসাবে আখ্যা দেয়। ১৯৯৯ সালের ওই রেজুলেশনে ব্যবস্থাপনা পরিচালকের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা শিথিল করা হয়। আদেশের পর্যবেক্ষণে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৩ সাল থেকে ওই পদে রয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার সঙ্গে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার কোনো সম্পর্ক নেই। "চাকরি নির্ধারিত হয় চাকরিবিধি ও আইন অনুযায়ী। নোবেলের বৈধতা ও পাওয়ার প্রশ্ন এই রিটের সঙ্গে যুক্ত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/পিডি/২২২১ ঘ.