চাঁদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের ধাক্কায় মুচড়ে গেছে আরেকটি যাত্রীবাহী লঞ্চ।
এসময় ক্ষতিগ্রস্ত এমভি কোকো-৩ লঞ্চটির তিন যাত্রী পানিতে পড়ে গেলেও কেউ হতাহত হননি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা জানান, পানিতে পড়ে যাওয়া যাত্রীদের পরে নৌকার সাহায্যে উদ্ধার করা হয়। এরপর সোমবার প্রথম প্রহরে যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় কোকো লঞ্চটি।
রোববার সন্ধ্যায় এমভি কোকো-৩ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। এটি রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর ঘাট থেকে যাত্রী উঠিয়ে আবার রওনা হয়।
চাঁদপুর লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়স্টেশন মোলহেড এলাকা অতিক্রম করার পর ঢাকা থেকে ভোলাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ কোকো-৩ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে কোকোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় কোকো-৩ এর তিন জন যাত্রী মেঘনা নদীতে পড়ে যায়। পরে তাদের নৌকা দিয়ে উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর আরো জানান, দুর্ঘটনার পর কোকো-৩ আবার চাঁদপুরে ঘাটে এসে ভেড়ে এবং স্থানীয় নৌ-বন্দরকে বিষয়টি জানায়। এরপর রাত ১টার সময় আবার বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।
এ ঘটনায় স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়িতে ক্ষতিগ্রস্ত লঞ্চের কর্মকর্তারা অন্য দুটি লঞ্চের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানান বন্দর কর্মকর্তা জাহাঙ্গীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.
bdnews24