বাগেরহাট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় পরিত্যক্ত একটি বাড়ির ছাদ ধসে ইতি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরো এক জন।
রোববার সকালে রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে অভিভাবকদের না জানিয়ে ইতি এবং ইসলাম শেখ (১১) গ্রামের বাবুল হাওলাদারের পরিত্যক্ত ভবনের ছাদে উঠে লোহার রড টানাটানি শুরু করে।
এক পর্যায়ে দুজনেই ছাদ ধসে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ইতি মারা যায় বলে জানান সালাম।
আহত ইসলামকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, ইতির পরিবার কোনো অভিযোগ এবং ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24