ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ পাঁচটি স্মারক ডাকটিকেট চালু করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শনিবার এ সব ডাকটিকেট ও একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।
টিকেটগুলোর একটি ২০ টাকা মূল্যমানের এবং অন্য চারটি প্রতিটি ১০ টাকা মূল্যমানের।
জিপিওসহ দেশের প্রধান ডাকঘরগুলোতে এ সব ডাক টিকেট পাওয়া যাবে।
২০ টাকা মূল্যমানের ডাকটিকেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং ১০ টাকা মূল্যমানের চার ডাকটিকেটে দেশের মুক্তিযুদ্ধের চার স্মৃতি ভাস্কর্য রয়েছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীলকান্তি বোস, ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বের রহমান ও অতিরিক্ত মহাপরিচালক এ বি এম হুমায়ুন উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য খাবার, ফল ও অন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, সহকারী একান্ত সচিব খায়রুল ইসলাম ও সাইফুজ্জামান শিখর রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রাম কেন্দ্রে এই উপহার পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এ সব উপহার সামগ্রী পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৪ ঘ.
bdnews24