২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে ৩৩ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বরগুনা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে ৩৩ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে বরগুনা ও বাগেরহাটের কোস্টগার্ড বলেছে তারা এ ধরনের কোনো ঘটনা জানেন না। শনিবার সকালে ফিরে আসা জেলেরা জানিয়েছে, প্রত্যেক জেলের মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা করে চেয়েছে অপহরণকারীরা। তাদের দাবি, ডাকাতরা ১৮টি মাছ ধরা ট্রলারে গণডাকাতি করে প্রায় ২৫ লক্ষাধিক টাকার জাল ও মালামাল লুটে নিয়েছে। এফবি সুলতানা রহমান ট্রলারের ফিরে আসা ট্রলার-মিস্ত্রী আবদুস সালাম সাংবাদিকদের জানান, জলদস্যুরা প্রত্যেক ট্রলার থেকে এক-দুজন করে মোট ৩৩ জেলেকে এফবি বালিপাড়া ট্রলারে তোলে সুন্দরবনের গহীন অরন্যে নিয়ে গেছে। দস্যুরা প্রত্যেক জেলের জন্য ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলে জানান সালাম। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের জানান, ফিরে আসা জেলেরা অপহরণের কথা জানিয়েছে। পাথরঘাটা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লে. জহুরুল ইসলাম জানান, তাদের কাছে কেউ ট্রলার ডাকাতির অভিযোগ করেননি। তবে লোক মুখে ট্রলার ডাকাতির কথা শুনেছেন তিনি শুনেছেন বলে জানান জহুরুল। এদিকে বাগেরহাটের মংলাস্থ কোস্টগার্ডের পশ্চিম জোনের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন সাইদুজ্জামান জানান, ওই এলাকায় কোস্ট গার্ডের সিজিএফ-পাবনা নামে একটি নিয়মিত টহলযান রয়েছে। এ ধরনের অপহরণ বা গণডকাতির কোনো ঘটনা তিনি শুনেননি বলে জানান সাইদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৮৫৯ ঘ.