২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-কক্সবাজারে আ. লীগের সংঘর্ষ

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রংপুর ও কক্সবাজারে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে অন্তত ২৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

রংপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রংপুর ও কক্সবাজারে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে অন্তত ২৬ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানায়, রাত সাড়ে ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকা সরকারি দলের দুই পক্ষের সংঘাতে রণক্ষেত্রে রূপ নেয়। গভীর রাত পর্যন্ত এলাকায় দুই পক্ষের সশস্ত্র মহড়া চলে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা অনেকেই শ্রদ্ধা নিবেদন না করেই ফিরে যায়। সংঘাদের জন্য দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টা ১মিনিটে রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহামেদ, পুলিশের উপ মহাপরিচালক (ডিআইজি) বিনয় কুমার বালাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে চলে যাওয়ার পরপরই আওয়ামী লীগের দুই পক্ষের নেতারা আলাদা মিছিল নিয়ে ফুল দিতে আসেন। একটি দলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহাম্মেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। অন্য দলটির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের বিদ্রোহী কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল। হঠাৎ করে কে বা কারা 'ধর ধর' বলে চিৎকার শুরু করলে শহীদ মিনারের বেদিতেই দুই দল ধাওয়া-ধাওয়ি ও মারামারি শুরু করে। ওই সময় অন্তত ২৫ জন আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে দেলোয়ারের অনুসারীরা শহীদ মিনার এলাকা ছেড়ে চলে যায়। পরে পুলিশি পাহারায় শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে শহীদ মিনারের 'পবিত্রতা বিনষ্টকারী'দের সদস্যপদ বাতিল করার ঘোষণা দেন জেলা সভাপতি আবুল মনসুর। সমাবেশে বিদ্রোহী গ্র"পের ইলিয়াছ আহাম্মেদ, দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম দুলালের নাম উল্লেখ করে তাদের দল থেকে বহিষ্কার ও সাধারণ সদস্যপদ বাতিলের ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান। রাত সোয়া ১টার দিকে তারা পুলিশি পাহারায় শহীদ মিনার এলাকা ছেড়ে যাওয়ার সময় অন্য পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে তাদের ফের উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শহীদ মিনার থেকে পিছু হটে অন্য পক্ষের কর্মীরা শহরের বেতপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। রাত পৌনে ২টার দিকে মনসুর পক্ষের নেতাকর্মীরা পুলিশি পাহারায় সেখানে গেলে আবারো উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষ ছোরা, রামদা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। তবে পুলিশ দু'পক্ষকেই হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। সংঘাতের বিষয়ে মহানগর কমিটির সভাপতি দেলোয়ার সাংবাদিকদের বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে রেজাউলের নেতৃত্বে হামলা হয়। আহতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল, আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান বাবু, লক্ষ্মণ চন্দ্র দাস স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কক্সবাজার প্রতিনিধি জানায়, স্বাধীনতা দিবস প্রথম প্রহরে কক্সবাজার শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও একটি শপিং মল ভাংচুরের ঘটনাও ঘটে। মধ্যরাতে আকস্মিক ধাওয়া-ধাওয়িতে ছুটোছুটি শুরু করে সাধারণ মানুষ। সংঘর্ষে অপরপক্ষের ছুরিকাঘাতে আহত হয় নগর আওয়ামী লীগের মুজিবর রহমানের পক্ষের কর্মী মোহাম্মদ হোসাইন। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় পুলিশ গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমদ জয় ও নগর আওয়ামী লীগের 'বহিষ্কৃত' নেতা জহির আলম কাজলকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টা ১মিনিটে শহীদ মিনার বেদিতে কক্সবাজার নগর আওয়ামী লীগের ফখরুল ইসলামের অনুসারীদের ধাওয়া করে মুজিবুর পক্ষের কর্মী-সমর্থকরা। কিছুক্ষণ পর ফখরুল পক্ষ দলবলে ভারী হয়ে মুজিবুর পক্ষের লোকজনের ওপর হামলা করে। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার কিছুক্ষণ পরই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমদ জয়ের বাবা আওয়ামী লীগের প্রয়াত নেতা নজরুল ইসলামের শপিং মল ইভান প্লাজায় ভাংচুর চালানো হয়। মুজিবুর পক্ষের কর্মীদের দাবি, জয়ের নেতৃত্বে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। তবে জয়ের পক্ষ নিয়ে 'বহিষ্কৃত' সাধারণ সম্পাদক ফখরুল এই ঘটনার জন্য নগর আওয়ামী লীগ সভাপতি মুজিবুরকে দায়ী করছেন। শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর বলেন, বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফখরুল ও বহিষ্কৃত শহর আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম সমর্থিত কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, "মাত্র ১০ গজ দূর থেকে আমাকে গুলি করা হয়েছে। অন্য একজন আমাকে ধাক্কা মেরে ফেলে না দিলে ওই গুলি আমার গায়েই লাগতো।" মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী খোকন জানান, ওই সময় তাদের পক্ষের একজন সাধারণ কর্মী মোহাম্মদ হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকায় অবস্থানরত ফখরুল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আগে থেকেই অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে থাকা মুজিবুর রহমানের লোকজনই তার কর্মী, সমর্থকদের ওপর হামলা চালায়। মুজিবুর দলীয় প্রার্থী হিসেবে কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন। শহর আওয়ামী লীগ সদস্য রাশেদুল 'বিদ্রোহী' প্রার্থী হন। ওই সময় শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল রাশেদুলের পক্ষ নেন। এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধ তুঙ্গে ওঠে। এক পর্যায়ে ফখরুল, রাশেদুল ও জহিরসহ অন্তত সাত জনকে দল থেকে বহিষ্কার করা হয়। রাশেদুল ইসলাম গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জহিরুল ইসলামের মেজো ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.