ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. ইউনূস ইস্যুতে সম্মানজনক কোনো সমাধানে পৌঁছাতে হলে বিভিন্ন ধরনের প্রস্তাব অবশ্যই বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
নিয়োগের ক্ষেত্রে অনুমোদন না নেওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক মঙ্গলবার বলেন, ইউনূসের সঙ্গে সরকারের সমঝোতা না হলে তা ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে মুহিত বলেন, "তারাও বলেছেন, এ বিষয়ে একটি সম্মানজনক সমাধান হওয়া দরকার। কিন্তু সম্মানজনক সমাধানে পৌঁছাতে হলে নানা ধরনের প্রস্তাব বিবেচিত হতে হবে।"
এ বিষয়ে অর্থমন্ত্রীর কোনো প্রস্তাব আছে কি না জানতে চাইলে মুহিত বলেন, "আমি আমার প্রস্তাব পাবলিকলি বলেছি। এ বিষয়ে আর বলতে চাই না।"
ইউনূস ইস্যু নিয়ে ব্লেকের মন্তব্যের পর অর্থমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেছিলেন, সরকারের সঙ্গে কোনো সমঝোতা চাইলে মুহাম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে।
সমঝোতার জন্য ড. ইউনূস নিজে থেকেই এগিয়ে আসলে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে বৃহস্পতিবার মুহিত বলেন, "আমি এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে চাই না।"
ইউনূস ইস্যুতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "আপনারা যেভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করেন, সেভাবে তো কোনো কিছু নিয়ে আলোচনা হয় না। এতো বেশি ফলো করলে তো চলে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০১৯ ঘ.
bdnews24