ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতের হাতে খুন হয়েছে গৃহবধূ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ডাকাত দল সারুলিয়া এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় ঢুকে রিনা আক্তারের হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে বাসার মালামাল নিয়ে যায়।
সে সময় বাসায় রিনার সঙ্গে মুক্তা নামে তার সাত বছরের এক মেয়ে ছিলো।
তবে বাসা থেকে কি কি মালামাল খোয়া গেছে তা জানা যায়নি বলে জানান আবু সাঈদ।
এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করতে এসে ওই গৃহবধূকে খুন করেছে ডাকাত দল।
প্রতিবেশীরা বিকাল ৪টার দিকে রিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
রিনার স্বামী মকবুল হোসেন পাট ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমইউএস/কেএমএস/১৮০১ ঘ.
bdnews24