ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম শফিকুল ইসলামকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া একজন যুগ্ম-সচিব এবং উপসচিব পর্যায়ের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ জারি করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব ফজলুল হককে একই বিভাগে যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক এবিএম ফজলুর রহমানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ড. আতিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা মহসিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নেসাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আবু তালেবকে কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মীর আলী রেজাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব লক্ষণ চন্দ্র দেবনাথকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা উপসচিব মোহাম্মদ মনজুরুল কাদেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় মঞ্জুরি ও উৎপাদনশীলতা কমিশনের বিশেষজ্ঞ সমীক্ষক পদে সংযুক্ত নাজমুল আহসান মজুমদারকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব মো. শাহাব উদ্দিনকে সংযুক্ত করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।
এ ছাড়া পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব জাহাঙ্গীর আলমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ও সুব্রত পাল চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন এবং আব্দুর রাশেদ খানকে ওএসডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৭২৭ ঘ.
bdnews24