২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে ১৮ দোকান ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৮টি দোকান পুড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৮টি দোকান পুড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ক্ষতিগ্রস্ত একটি মনোহারী দোকানের মালিক আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সেখানে অগ্নি-নির্বাপক বাহিনীর কোনো স্টেশন না থাকায় স্থানীয়রা প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় বলে জানান আলিম। তিনি নবীনগরে একটি অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশনের দাবি জানান। স্থানীয় হাইস্কুলের শিক্ষক প্রদীপ দাস বলেন, এই উপজেলায় একটি অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন থাকলে এতগুলো দোকান হয়তো ছাই হতো না। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৬০/৭০ লাখ টাকা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২৮ ঘ.