বগুড়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার মহাস্থানগড় অস্থায়ী পুলিশ ফাঁড়ি থেকে 'নিখোঁজ' হওয়া কনস্টেবল মো. আসাদুজ্জামানের সন্ধান মিলেছে।
মঙ্গলবার প্রথম প্রহরে গাইবান্ধার সাঘাটা থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত রোববার রাত ৯টায় দায়িত্ব সেরে সাধারণ পোশাকে ফাঁড়ি থেকে বেরিয়ে যান আসাদ। তার কোনো খোঁজ না পেয়ে ওই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার মো. সাদেক আলী শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
শিবগঞ্জ থানার ওসি মোকাদ্দেস আলী সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশে মহাস্থান গড়ের কাস্টডিয়ান নাহিদ সুলতানা ও তার ছেলের নিরাপত্তায় জাদুঘর সংলগ্ন যে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় সেখানেই কর্মরত ছিলেন আসাদ।
সোমবার পুলিশ খবর পায়, আসাদ গাইবান্ধার সাঘাটা থানার ডিমলা পদুত শহর গ্রামে ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়িতে অবস্থান করছেন।
মঙ্গলবার ভোররাতে আসাদকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয় বলে ওসি জানান।
ব্যবসায়ী আমজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাতে এলাকার একটি সেতুর ওপর আসাদুজ্জামান ঘুমাচ্ছিলেন। স্থানীয়রা তাকে অপ্রকৃতস্থ অবস্থায় আমার বাড়িতে রেখে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৩০ ঘ.
bdnews24