ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৬ সালে গোপন সামরিক আদালতে কর্নেল আবু তাহেরসহ ৩৩ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছিলো। এর মধ্যে মুক্তিযুদ্ধের দুই সেক্টর কমান্ডার কর্নেল তাহের ও মেজর এম এ জলিল এবং তাহেরের ভাই আবু ইউসুফ খান বীর বিক্রমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মেজর জলিল ও আবু ইউসুফের দণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়।
অন্য আসামিদের মধ্যে মেজর জিয়াউদ্দিনকে ১২ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাসদ নেতা আ স ম আব্দুর রব, হাসানুল ইনু, কর্নেল তাহেরের ভাই আনোয়ার হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাসদের মতাদর্শিক নেতা সিরাজুল আলম খান (রায়ের সময় পলাতক ছিলেন এবং পরে ধরা পড়েন), কর্পোরাল আলতাফ হোসেন ও কর্পোরাল শামসুল হককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নায়েক সুবেদার জালাল উদ্দিন, হাবিলদার এম বারেক, রবিউল আলম, সালেহা বেগম, নায়েক সিদ্দিকুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
হাবিলদার আব্দুল হাই মজুমদার ও কর্পোরাল আব্দুল মজিদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
ওই মামলার ১৬ আসামি খালাস পান। তারা হলেন- ড. আখলাকুর রহমান, মো. মহিউদ্দিন (পলাতক), নায়েক সুবেদার বজলুর রহমান, মাহমুদুর রহমান মান্না, তাহেরের ভাই ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, মো. শাহজাহান, কে বি এম মাহমুদ, শরীফ নুরুল আম্বিয়া, হাবিলদার সুলতান আহমেদ, নায়েক আব্দুল বারী, সার্জেন্ট কাজী আব্দুল কাদের, ফ্লাইট সার্জেন্ট কাজী রোকন উদ্দিন, নায়েক আব্দুল লতিফ আকন্দ, নায়েক শামসুদ্দিন, সার্জেন্ট সৈয়দ রফিকুল ইসলাম বীর প্রতীক এবং আনোয়ার সিদ্দিক।
ওই সময় দণ্ড পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮০ সালের জুন মাসের দিকে অধিকাংশ বন্দিকে হঠাৎ করে মুক্তি দেওয়া হয়।
"এ জন্য আমরা কোনো আবেদন করিনি। এমনকি মুক্তি পাওয়ার সময়ের পূর্ব পর্যন্ত বিষয়টি আমি জানতামই না", বলেন তিনি।
তাহেরের ভাই আনোয়ার জানান, রাজবন্দিদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ ও জাসদের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছিলো। ওই জোট একটি হরতালও দিয়েছিলো। তবে আন্দোলন চাঙা হয়ে উঠার আগেই মুক্তি পান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১০৪৫ ঘ.
bdnews24