ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে ছিনতাইকারীর গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন।
তার নাম সাজিয়া আইরিন (২৬)। শনিবার বিকালে তার সন্তানকে চিকিৎসক দেখিয়ে রিকশাযোগে বাসায় ফেরার সময় ইর্ষ্টাণ হাউজিংয়ের পশ্চিম দিকের গলিতে এ ঘটনা ঘটে।
আইরিনের উদ্ধৃতি দিয়ে তার স্বামী নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সাত মাসের বাচ্চা রুহিত মাহিন হাসানকে নিয়ে রিকশাযোগে হাতিরপুল বাসায় ফিরছিল আইরিন। ওই স্থানে যাওয়া মাত্র দুটি মোটর সাইকেলে করে ৫/৬জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে বাচ্চা নিয়ে টানা-হেচঁড়া করার ফাঁকে ছিনতাইকারীরা আইরিনকে গুলি করে। তারা তার হাতে পড়া স্বর্ণের দুটি চুড়ি নিয়ে পালিয়ে যায়।
গুলি আইরিনের মুখমণ্ডলে লাগে বলে হাসান জানান।
"পরে পথচারীরা আইরিনকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।"
কলাবাগান থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি আমি শুনে ঢাকা মেডিক্যালে যাচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24