চাঁদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত ২০ জন আহত হয়েছে। তবে কোনো যাত্রী নিখোঁজ হয়নি বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে এখলাছপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত যাত্রী সাজেদা বেগম, রোকসানা ও মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারটি ৪০ জনের মতো যাত্রী নিয়ে এখলাছপুর থেকে চরকাশিম বোরোচরে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর ঢেউয়ের আঘাতে ট্রলারের নিচের দিকের একটি কাঠ খুলে যায় এবং পানি উঠে তা ডুবতে থাকে।
এই সময় আশপাশে থাকা ৪টি ট্রলার দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বলে জানান তারা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে চলাচলকারী সব ট্রলার ঝুঁকিপূর্ণ। যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।"
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আশপাশের ট্রলারের লোকজন ও স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত ট্রলারটির কোনো সন্ধান মেলেনি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৪ ঘ.
bdnews24