২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃস্ব হয়েও প্রতিজ্ঞায় অটুট ইউসুফ

সড়ক দুর্ঘটনায় ছোটখাট ব্যবসার স্বপ্ন ভেঙেছে রিকশাচালক ইউসুফের। তবে অটুট রয়েছে তার প্রিয় স্ত্রীকে সারিয়ে তোলার প্রতিজ্ঞা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ছোটখাট ব্যবসার স্বপ্ন ভেঙেছে রিকশাচালক ইউসুফের। তবে অটুট রয়েছে তার প্রিয় স্ত্রীকে সারিয়ে তোলার প্রতিজ্ঞা। ছয় মাস আগ পর্যন্তও তিনি টাকা জমাচ্ছিলেন ব্যবসা করবেন বলে। সেই সঞ্চয়সহ যা কিছু ছিল সবই তার ব্যয় হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত স্ত্রীর চিকিৎসায়। পাঁচ সদস্যের পরিবার নিয়ে নরসিংদীর বড়ইতলা বাসস্ট্যান্ডের পাশে থাকতেন ইউসুফ। গতবছরের ২৮ অগাস্ট স্বামীর রিকশা থেকে নামছিলেন স্ত্রী ফুলনাহার। তখনই লরির ধাক্কায় একটি হিউম্যান হলার এসে পড়ে তাদের ঘরের ওপর। হলারের নিচে আটকা পড়েন ফুলনাহার (২৬)। আহত ফুলনাহারকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তার পেটে দুবার অস্ত্রোপচার করা হয় তার। রক্ত দিতে হয় সাত ব্যাগ। এক মাস পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও কয়েকদিন পরই ঊরুর হাড় ঠিক করতে আবার তাকে ফিরতে হয় হাসপাতালে। চলতি সপ্তাহের শুরুতে ঢাকা মেডিক্যালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউসুফ বলেন, হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ পাওয়া গেছে। তা সত্ত্বেও চিকিৎসায় ব্যয় হয়েছে ৫২ হাজার টাকা। "তিনটা রিকশার দুটা বিক্রি করেছি। বাকি টাকা নিয়েছি বউয়ের দিককার আত্মীয়স্বজনদের কাছ থেকে। ঊরুর হাড় ঠিক করার কিছু যন্ত্রপাতি কিনতে আরো টাকা লেগেছে।" আরো একবার অস্ত্রোপচার হবে ফুলনাহারের। ইতিমধ্যে নিজের শেষ রিকশা, কুড়েঘর এবং আমগাছ বিক্রি করেছেন ইউসুফ। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে তাদের সঙ্গেই থাকছে তাদের আট বছর বয়সী মেয়েটি, অন্য দুই সন্তানকে পাঠানো হয়েছে এক আত্মীয়ের বাসায়। কাঁদতে-কাঁদতে ফুলনাহার বলেন, বাচ্চারা কিভাবে আছে জানি না। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা বলছেন, স্ত্রীকে সুস্থ করতে ইউসুফের এ চেষ্টা ব্যতিক্রমি ঘটনা। অর্থোপেডিক বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আমরা দেখেছি অনেক রোগীকেই তাদের স্বামীরা চিকিৎসা করাননি ঠিকমতো। কিন্তু এই ঘটনা ব্যতিক্রম। "লোকটা তার স্ত্রীর জন্য সবকিছু করছে।" বাংলাশে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের (এআরআই) উপাত্ত বিশ্লেষক কাজী জাকারিয়া ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার অন্তত ৫৪ শতাংশ মানুষই পথচারী। তিনি অভিমত দেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। "সরকারের উচিত মালিকরা যেন ক্ষতিপূরণ দেয় সেরকম ব্যবস্থা করা।" এদিকে আগামী দিনগুলো কিভাবে চলবে তা জানেন না ইউসুফ। তবে স্ত্রীকে সুস্থ করার প্রতিজ্ঞা ছাড়েননি তিনি। আব্দুল্লাহ-আল-মামুন জানান, ফুলনাহারের চিকিৎসায় চিকিৎসকরা সাহায্য করবেন। "তিনি সেরে উঠবেন। কিন্তু পরিবারটির কী হবে? কোথায় যাবে ওরা?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/টিকে/পিডি/১৭৫৯ ঘ.