২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতি এ পর্যন্ত ২৩ হাজার ৭০১ জন ফিরেছেন

সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে লিবিয়া থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৭০১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে লিবিয়া থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৭০১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৮৭ জন এসেছেন নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। ২০ হাজার ৪১৪ জন এসেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়। বাকিরা নিজেদের ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার আরো ২ হজার ৬ জনের দেশে ফেরার কথা রয়েছে। আর সেক্ষেত্রে লিবিয়া ফেরত বাংলাদেশির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যাবে। লিবিয়া ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো সেখানে ২৫ হাজার বাংলাদেশি রয়েছেন। মিশর মিশরের আল সালউম সীমান্তে আজ পর্যন্ত ৬৯৫ জন বাংলাদেশি রয়েছেন। ১৫ মার্চ নতুন করে ১৪৫ বাংলাদেশি সেখানে যোগ দিয়েছেন। এই সীমান্তে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৬, ১৭ ও ১৮ মার্চ বিমানের তিনটি ফ্লাইট পরিচালনা করার কথা। তিউনিসিয়া তিউনিসিয়ার রাজদির সীমান্তে ৫ হাজার ২৩৩ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। আলজেরিয়া লিবিয়া সীমন্তবর্তী আলজেরিয়ার দক্ষিণ-পূর্ব শহর আইন-আমেনাসে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক আটকে আছেন। তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়। গ্রিস ছয় জনের লাশ উদ্ধারের পর সেখানে নিখোঁজ বাংলাদেশির সংখ্যা ৫-এ নেমে এসেছে। একইসঙ্গে জাহাজ থেকে লাফিয়ে পড়ে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে। ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী লিবিয়া-তিউনিসিয়া সীমান্তে আটকা পড়া বাংলাদেশিদের দেশে পাঠানোর প্রক্রিয়া পরিদর্শন শেষে বুধবার দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ১৩ মার্চ তিনি তিউনিসিয়া পৌঁছান। এর আগে তিনি বিমানের নিজস্ব ফ্লাইটে করে ৩০০ বাংলাদেশিকে দেশে পাঠানোর প্রক্রিয়া পরিদর্শনে মিশরের আলেকজান্দ্রিয়ায় যান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে মিজারুল কায়েস তিউনিসিয়ার পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশিদের আশ্রয় দেওয়ায় তিউনিসিয়া সরকারকে ধন্যবাদ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১৪১ ঘ.