২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির বাড়িতে চুরি

বরিশাল-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূসের বাড়িতে দিনের বেলায় চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বরিশাল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-১ আসনে সরকারদলীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূসের বাড়িতে দিনের বেলায় চুরি হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটার মধ্যে এ চুরি হয় বলে সংসদ সদস্য জানিয়েছেন। কী কী জিনিস চুরি হয়েছে- তা সঠিক হিসাব না হলেও বাসায় থাকা নগদ প্রায় পৌনে ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও কিছু কাগজপত্র পাওয়া যাচ্ছে না বলে জানান ইউনুস। চুরির খবর শুনে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ নগরীর সদর রোড অনামী লেনের আফসানা কটেজে যান। ওই বাড়ির তৃতীয় তলায় সংসদ সদস্য ভাড়া থাকেন। ইউনুস সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টায় বাসায় তালা দিয়ে তিনি নিজ নির্বাচনী এলাকা গৌরনদীতে যান। দুপুর আড়াইটায় গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মানিক হাসানসহ দুজন তার সঙ্গে দেখা করতে এসে দেখেন, বাসার দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো। কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বাসার সামনের দরজার তালা ভেঙে চোর ভিতরে ঢুকে। দুটি আলমারি ও ব্রিফকেস ভাঙা পাওয়া গেছে। তবে কী কী মালামাল খোয়া গেছে, তার চূড়ান্ত হিসেব পাওয়া যায়নি। সংসদ সদস্যের স্ত্রী ও মেয়ে ঢাকায় থাকায় কী পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গেছে, তা নিরূপণ করতে পারেননি সংসদ সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.