২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ২২ দিন পর শিশু শামীমের লাশ উদ্ধার

অপহরণের ২২ দিন পর শরীয়তপুরের সদর উপজেলার মাদ্রাসা ছাত্র শামীম জমাদ্দারের (৭) লাশ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

শরীয়তপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ২২ দিন পর শরীয়তপুরের সদর উপজেলার মাদ্রাসা ছাত্র শামীম জমাদ্দারের (৭) লাশ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে। ১৯ ফেব্র"য়ারি গুড়িপাড়া নিজ গ্রাম থেকে নিখোঁজ হয় শামীম। দুবাই প্রবাসী মরণ জমাদ্দারের ছেলে শামীম রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ত। ২০ ফেব্র"য়ারি শামীমের মা জোসনা বেগম পালং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শামীমের মামা আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মরণ জমাদ্দার তার ছোট ভাই খলিল জমাদ্দারের মৃত্যুর পর খলিলের স্ত্রী মাকসুদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। পরে পারিবারিক কলহের কারণে মাকসুদাকে তিনি তালাক দেন। এরপর থেকেই প্রথম স্ত্রী জোসনা বেগম ও মাকসুদার মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানান আলী হোসেন। জোসনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার স্বামীর সাথে মাকসুদার ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই তারা আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। শামীম নিখোঁজ হওয়ার পর মাকসুদার আত্মীয় স্থানীয় রুহুল আমীন বেপারী মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি হলে রুহুল তিনদিন সময় চেয়ে গা ঢাকা দেয় বলে অভিযোগ করেন জোসনা। শামীম হত্যার ঘটনায় শনিবার জোসনা বেগম বাদী হয়ে পালং (সদর) থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত রুহুল বেপারীর স্ত্রী ফাতেমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীমের খালাতো ভাই সোহেল আমার মেয়ে মুক্তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার পর তাদের সাথে মামলা মোকদ্দমা হয়। এ থেকে তাদের সাথে আমাদের বিরোধ চলছিল। তিনি বলেন, আমার স্বামীকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। পালং থানার উপ-পরিদর্শক (এসআই) শম্ভু চাঁদ মণ্ডল সাংবাদিকদের বলেন, "দুপুরে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত শেষে গুড়িপাড়া গণকবরস্থানে শামীমকে দাফন করা হয়েছে।" লাশটি চার খণ্ড করা ছিলো বলে জানান এসআই। পালং থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, "পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১৩ ঘ.