নারায়ণগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. মোকলেছুর রহমান যুবরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মিজমিজি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবরাজ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ হোমিও মেডিক্যাল কলেজের প্রভাষক। তিনি ঢাকার মিরপুর থাকতেন।
যুবরাজের ভাগিনা এসএ মামুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর শাহ্ আলী মার্কেটের হোমিও চেম্বার থেকে বের হওয়ার পর যুবরাজ নিখোঁজ হন।
এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দুপুরে খবর পেয়ে লাশ সনাক্ত করা হয় বলে জানান মামুন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম সাংবাদিকদের বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ মিজমিজি এলাকায় ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৭ ঘ.
bdnews24