ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া পরিস্থিতি নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে না দেওয়ার প্রতিবাদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম আবারও ওয়াক আউট করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪৩ মিনিটে তিনি সংসদ থেকে ওয়াক আউট করেন।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন।
গত ২৪ ফেব্র"য়ারি একই ইস্যুতে কথা বলতে না দেওয়ায় ওয়াক আউট করেন নোয়াখালী-৬ আসনের এই সাংসদ।
বৃহস্পতিবার জিরো আওয়ারে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ফজলুল আজিম বলেন, "লিবিয়া ৬২ হাজার বাংলাদেশি রয়েছে। তাদের নিরাপত্তা এখন হুমকির মুখে। কিন্তু সরকারিভাবে তাদের এগিয়ে আনার উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই।"
বাংলাদেশিদের ফিরিয়ে আনতে অবশ্যই উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, " এটি সরকারের দায়িত্বও বটে।"
এক পর্যায়ে ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে দিয়ে বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন। ফজলুল আজিমের বক্তব্য বিধি বহির্ভূত বলে উল্লেখ করেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০৩৫ ঘ.
bdnews24