২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সড়ক ভবন, শিশু একাডেমীর ৫৫একর জমি সুপ্রিম কোর্টের'

সড়ক ভবন ও শিশু একাডেমীর ৫৫ একর জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবন ও শিশু একাডেমীর ৫৫ একর জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আগামী ৯০ দিনের মধ্যে ওই সম্পত্তি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে সরকারকে বলেছে আদালত। সেইসঙ্গে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, ৩০ দিনের মধ্যে তা জানানোরও নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কোর্টের সরকারী আইন কর্মকর্তা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন। অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট আক্কাসউদ্দীন ভূঁইয়ার রিট আবেদনে গত ৩১ জানুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছিল। ওই রুলে 'জরিপের মাধ্যমে সুপ্রিম কোর্টের সম্পত্তি চিহ্নিত করা ও সীমানা নির্ধারণের নির্দেশ' কেন দেওয়া হবে না- তার ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে কার্যকরভাবে সম্পত্তি রক্ষা ও ব্যবস্থাপনার নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চেয়েছিল আদালত। পরে গত ৬ ফেব্র"য়ারি রিট আবেদনটিতে শিশু একাডেমীর পরিচালক ও সড়ক ভবনের প্রধান প্রকৌশলীকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়। দুই রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এইচএ/২০১২ ঘ.