২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফতোয়া মৌলিক অধিকার'

ফতোয়াকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের শুনানি হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের শুনানি হয়েছে বুধবার। শুনানিতে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আ. রাজ্জাক বলেন, সব রকম ফতোয়া অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় এখতিয়ার বহির্ভূত। "সংবিধানের ৩৯ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ফতোয়া মৌলিক অধিকার।" প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। রাজ্জাক বলেন, আমরা ফতোয়ার নামে নারী নির্যাতনের বিরুদ্ধে। এর অপব্যবহারকারীদের প্রচলিত আইনের আওয়তায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। "এটা ইসলামী জীবন বিধানের অবিচ্ছেদ্য অংশ। ইউরোপ, আমেরিকা, আরবের বিভিন্ন দেশস সর্বত্রই ফতোয়া রয়েছে।" আদালতকে রাজ্জাক বলেন, "যেসব বিষয়ে কোরআন-হাদিসে সরাসরি কোনো সমাধান পাওয়া যায় না, সে বিষয়গুলো সমাধানের জন্য ইসলামী পণ্ডিতরা যুগে যুগে ইজতিহাদ বা চিন্তার মাধ্যমে ফতোয়া দিয়েছেন। ইসলামী জীবন বিধানকে চলমান রাখতে এর গুরুত্ব অপরিসীম।" ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। এ বছরের এক মার্চ আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ব্যারিস্টার কামাল হোসেন এবং মুফতি মো. তৈয়বের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অংশ নেন। এছাড়াও গত ১৪ ফেব্র"য়ারি এ আপিল শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে টি এইচ খান, ব্যরিস্টার রফিক উল হক, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এ বি এম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফ, ব্যরিস্টার রাবেয়া ভূঁইয়া এবং এম আই ফারুকীকে নিয়োগ দেওয়া হয়। ফতোয়া নিয়ে হাইকোর্টের আরো একটি রায় রয়েছে। গত বছরের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেওয়া অন্য এক রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২০১৪ ঘ.