সিরাজগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার বধ্যভূমি পরিদর্শন করেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তথ্য ও উপাত্ত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার সদস্যের একটি তদন্তদল।
এ সময় তারা স্থানীয় মুক্তিযোদ্ধা, স্বজনহারা পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য শোনেন।
তদন্ত দলের প্রধান এএসপি মনোয়ারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে তারা শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের জমিদার পাড়া বধ্যভূমি পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে একাত্তরের হত্যাকাণ্ড ও পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিবরণ শোনেন।
পরে তারা শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন।
বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি বধ্যভূমি ও কাজিপুর উপজেলার বরইতলী বধ্যভূমি ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে সিরাজগঞ্জ শহরের উত্তরণ মহিলা সংস্থা কার্যালয়ে একাত্তরে নির্যাতিত নারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, পরিদর্শক আব্দুর রাজ্জাক খান, জেড এম আনতাসুর রহমান ও এস এম ইদ্রিস আলী।
সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত দলের সদস্যরা সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জে পৌঁছান। মঙ্গলবার বিকালে তারা ঢাকার উদ্দেশে সিঞ্জগঞ্জ ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮০৯ ঘ.
bdnews24