ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টে নকল প্রস্তুতে কোর্ট ফি, জরুরি কোর্ট ফি, ফোলিও বাবদ অতিরিক্ত অর্থ না দিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের কেন্দ্রীয় নকল শাখা, রিট শাখা, আদিম দেওয়ানি শাখা, ডেথ রেফারেন্স শাখায় নকল প্রস্তুতে কোর্ট ফি, জরুরি কোর্ট ফি, ফোলিও বাবদ অতিরিক্ত টাকা না দিতে অনুরোধ জানানো হয়।
কোনো কর্মকর্তা বা কর্মচারী এ বিষয়ে সমস্যা করলে ডেপুটি রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজের (৯৫৬১৮৬৫) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে জানানো হয়, সাধারণ নকলে দরখাস্ত ও কোর্ট ফিসহ দুই ফোলিও আট টাকা, চার ফোলিও ১৮ টাকা, ১২ ফোলিও ২৬ টাকা।
জরুরি নকলে দরখাস্ত ও কোর্ট ফিসহ দুই ফোলিও ১৬ টাকা, চার ফোলিও ৩৮ টাকা, ছয় ফোলিও ৬২ টাকা।
এ ছাড়া নকলের দরখাস্ত রেকর্ড শাখায় হলে সাধারণ ও জরুরি উভয় দরখাস্তে অতিরিক্ত পাঁচ টাকা তল্লাসি ফি এবং চারের অধিক হলে নকলের প্রতি ফোলিও বাবদ আরো চার টাকা জরুরি ফি দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২২২ ঘ.
bdnews24