ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে অপসারণের নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক।
এক বিবৃতিতে শনিবার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকরা বিএনপি সমর্থক বলেই পরিচিত।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে গত বুধবার অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে সর্বশেষ মেয়াদে ইউনূসকে নিয়োগ দেওয়ায় তাকে অপসারণ ছাড়া কোনো উপায় ছিলো না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন।
তবে কেন্দ্রীয় ব্যাংকের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন ইউনূস। গ্রামীণ ব্যাংকও বলছে, তার নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
বিবৃতিতে শিক্ষকরা বলেন, দেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের প্রতি যে 'অসম্মান ও অসৌজন্যমূলক' আচরণ করা হয়েছে, তা দুঃখজনক ও নিন্দনীয়।
"আমরা মনে করি, সরকারের এ আচরণ ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ।"
বিবৃতিতে স্বাক্ষরদাতার মধ্যে রয়েছেন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক তাজমেরী এম ইসলাম, অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক মো. মোজাম্মেল হক, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. আবদুস সাত্তার, অধ্যাপক শামসুদ্দিন আহমদ, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক মো. সাঈদ-উর-রহমান, অধ্যাপক আবদুর রশিদ, অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএন/এমআই/১৫০৩ ঘ.
bdnews24