২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা আইন সংশোধনজনপ্রতিনিধিদের মতামত নেবে সংসদীয় কমিটি

স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধনে আনা বিল চূড়ান্ত করতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধনে আনা বিল চূড়ান্ত করতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রহমত আলী সাংবাদিকদের বলেন, "উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১০ এর প্রতিবেদন পেশ নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে এ বৈঠক হবে তা সংশ্লিষ্টদের পরে জানানো হবে।" উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের একটি প্রতিনিধি দল বুধবার কমিটির বৈঠকে উপস্থিত হয়ে এ বিলের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ চেয়ে আবেদন করে। এই পরিপ্রেক্ষিতেই তাদের নিয়ে এ বৈঠক করার সিদ্ধান্ত হয়। কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ নূর-ই-আলম চৌধুরী, মো. আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন চৌধুরী, মো. আশরাফ আলী খান খসরু ও মোস্তফা জালাল মহিউদ্দিন বৃহস্পতিবারের বৈঠকে অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার। সর্বশেষ গত ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ১০ দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু অনশনে সংহতি জানান। উপজেলা পরিষদ আইন-১৯৯৮ অধিকতর সংশোধনের জন্য গত ৬ ডিসেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) (সংশোধন) বিল-২০১০ সংসদে উত্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২১০২ ঘ.