২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমা বিস্ফোরণে আহত ৩ শিশু

সাভারের একটি বিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছে তিনটি শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সাভার (ঢাকা), মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের একটি বিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছে তিনটি শিশু। উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে বনগাঁ ইউনিয়নের সাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- আল ইসলাম (৫), নয়ন চন্দ্র দাস (৬) ও নাজমুল (৫)। তাদের সবারই বাড়ি বিদ্যালয়ের কাছেই। তিন জনই ওই স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তিন জনকেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নয়নের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা জেলার সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাজাহান মিয়া সাংবাদিকদের বলেন, স্কুল প্রাঙ্গণে খেলার সময় একটি পলিথিন পায় তিন শিশু। তা খোলার সময় পড়ে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। তাতে আহত হয় তিন জনই। ওই পলিথিনে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করতে সাভার থানায় এনে রাখা হয়েছে। সাভার থানার ওসি মাহবুবুবর রহমান সাংবাদিকদের বলেন, বোমাগুলো হাতে তৈরি হলেও বেশ শক্তিশালী। বোমাগুলোর কীভাবে সেখানে গেলো, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তারা হলেন- পঞ্চম শ্রেণীর ছাত্র সুজন হোসেন (১১), স্থানীয় বোর্ড কারখানার কর্মী রহমান (৬০), জাহাঙ্গীর আলম (৩৫), নয়ন (৩৫), বাসেদ (৬০), রহমান-২ (৩০)। সুজনের দেওয়া তথ্যেই অন্য পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা শাজাহান বলেন, অপু বোর্ড মিল নামে ওই কারখানায় কয়েকদিন আগে সুজন ওই পলিথিনটি কুড়িয়ে পায় বলে জানিয়েছে। এরপর সে তা বাড়িতে নিয়ে যায়। "কিন্তু বাড়িতে মা'র ধমক শুনে সুজন তা স্কুল প্রাঙ্গণে ফেলে রাখে বলে স্বীকার করেছে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৪ ঘ.