ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনাসদস্যদের সংঘর্ষ বিষয়ে ফখরুদ্দিন আহমেদ ও মইন ইউ আহমেদের বক্তব্য শুনবে সংসদীয় উপ-কমিটি।
শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির করা চার সদস্যের উপ-কমিটি রোববার এ সিদ্ধান্ত নেয়।
উপ-কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ফখরুদ্দীন আহমেদ ও তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
"তবে তাদের কবে কমিটির সভায় আসতে বলা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি," বলেন তিনি।
রাশেদ খান মেনন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি।
উপ-কমিটি রোববার তৎকালীন চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি ও ডিজিএফআই'র রাজশাহী বিভাগের প্রধান কর্নেল শামসুল আলম খানের বক্তব্য শুনেছে বলে জানান রাশেদ খান।
২০০৭ সালের ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে শিক্ষার্থী ও সেনাসদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় ২৩ জুলাই রাজধানীতে কারফিউ জারি করে সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।
ওই সংঘর্ষের ঘটনা তদন্তে গতবছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩১৮ ঘ.
bdnews24