বিসমিল্লাহির রাহমানির রাহিম
জনাব সভাপতি,
বিজ্ঞ আলোচকবৃন্দ,
প্রিয় ভাই-বোনেরা,
আস্সালামু আলাইকুম।
সকলকে শুভেচ্ছা।
ভাষা-শহীদদের অমর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই স্মৃতি-বিজড়িত এই শোকের মাসে।
পিলখানার মর্মান্তিক হত্যাযজ্ঞে সেনাবাহিনীর যে-সব মেধাবী ও চৌকষ অফিসার সেদিন অসহায়ভাবে জীবন দিয়েছিলেন, আমি তাদের কথা স্মরণ করছি। আমি তাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি।
কর্তব্যরত অবস্থায় তাঁরা নিহত হয়েছেন। আমি মনে করি, তারা দেশের জন্যই জীবন দিয়েছেন।
আমার দৃঢ় বিশ্বাস, দেশমাতৃকার ওই বীর সন্তানেরা প্রত্যেকেই শহীদের মর্যাদা অর্জন করেছেন।
৫৭ জন মেধাবী অফিসার শহীদ হবার পাশাপাশি অনেক অফিসার, তাদের পরিবারের সদস্য, এমনকি নারী ও শিশুরা পর্যন্ত পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন। আমি তাদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। মর্মবেদনা জ্ঞাপন করছি শহীদ পরিবারের সদস্যদের প্রতি।
দেশদ্রোহী চক্রের হাতের ক্রিড়নক হয়ে মুষ্টিমেয় কিছু বিপথগামী লোক ১৯৮১ সালে বাংলাদেশের জননন্দিত নির্বাচিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যা করেছিল। কাজেই এ ধরণের মর্মন্তুদ ঘটনা স্বজন ও পরিবারের সদস্যদের জন্য যে কতটা হৃদয়-বিদারক হতে পারে, তা আমি নিজে মর্মে মর্মে অনুভব করি।
প্রায় তিন দশক ধরে স্বজন হারানোর সেই গভীর বেদনা নিজের অন্তরে লালন করে আমি বুঝতে পারি, কোনো সহানুভূতিই পারে না ওই বেদনার ভার লাঘব করতে।
ব্যক্তিগতভাবেই আমি অনুধাবন করি, জগতের কোনো কিছুর বিনিময়েই ওই ক্ষতি পূরণ করা সম্ভব নয়।
তবুও শহীদ পরিবারের সদস্যদের জন্য তাদের একজন সমব্যাথী হিসেবে আমি প্রার্থনা করি, আল্লাহ্ তাদেরকে শোক সইবার এবং দুঃসহ বেদনাভার বইবার মতো শক্তি দিন।
সমবেত সুধীমণ্ডলী,
আজকের এ সভায় আমি গভীর দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে, বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক কলঙ্কের অধ্যায় রচনা করে চলেছে।
তারা সরকার গঠনের দুই মাসেরও কম সময়ের মধ্যে ঘটে যায় পিলখানা হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর বিপর্যয়। এটি এ সরকারের প্রথম এবং আমার বিবেচনায় সবচেয়ে শোচনীয় কলংকজনক ঘটনা।
আমরা সকলেই জানি যে, ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধেও জাতিকে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার হারাতে হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তাই আমাদের সশস্ত্র বাহিনী ও সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
কেবল হত্যা এবং নির্যাতন নয়, পিলখানায় নারীদের ওপর যে পৈশাচিক নির্যাতন চলেছে তা বহুকাল মানুষের স্মৃতিকে তাড়িত করবে।
কোনো যুদ্ধের সময় ভিনদেশী আক্রমণকারীরা চরম অপমানের মাধ্যমে প্রতিপক্ষের মনোবল ভেঙ্গে দেয়ার জন্য যে-সব বর্বর পন্থা অবলম্বন করে থাকে, পিলখানায় সে-সবই প্রত্যক্ষ করার দুর্ভাগ্য আমাদের হয়েছে।
প্রবল আক্রোশ ও ঘৃণায় লাশ বিকৃত করা কিংবা পুড়িয়ে ফেলা এবং জীবিত মানুষদের ম্যানহোলে ফেলে কিংবা মাটি চাপা দিয়ে হত্যা করার মতো পৈশাচিক বর্বরতার সেই সব কথা মনে পড়লেই মানুষ শিউরে উঠবে।
আমার ধারণা, এই সব বীভৎসতা ও চরম অপমান আমাদের দেশপ্রেমিক সশস্ত্রবাহিনীর নৈতিক শক্তি ও মনোবলের ওপর যথেষ্ট প্রতিকূল প্রভাব ফেলেছে।
নিজের দেশের মানুষের ওপর এ ধরণের বর্বরতা চালাবার ইন্ধন কারা যুগিয়েছে, তা আমাদেরকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে।
কোনো ভিন্দেশী শত্র"র অদৃশ্য কালোহাত আমাদের এই জাতীয় বিপর্যয়ের পেছনে ছিল কিনা, সেই গুরুতর প্রশ্নটির জবাব খুঁজতে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছিল কিনা, আমার তা জানা নেই। সরকার দেশবাসীকে তা জানায়নি।
এতো বড় একটা গুরুতর ঘটনায় সরকারের কর্তাব্যক্তিদের বুক একটুও কাঁপেনি। কোনো তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি।
জাতীয় সংসদে আমি পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে কিছু জ্বলন্ত প্রশ্ন তুলে ধরেছিলাম। সরকার সেগুলোর সদুত্তর দিতে পারেনি। বরং আমার বক্তব্য রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারে বাধা দেয়া হয়েছে।
প্রিয় ভাই-বোনেরা,
দুই বছর পেরিয়ে গেলেও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার আজো হয়নি। দেশবাসী নিশ্চিত, এ সরকারের আমলে এই বর্বরোচিত হত্যাযজ্ঞের কোনো সুবিচার হবে না। বিচারের নামে হবে প্রহসন। কেননা দেশদ্রোহিতামূলক ভয়ংকর ওই ষড়যন্ত্রের সঙ্গে প্রভাবশালী লোকজনের জড়িত থাকার অনেক তথ্য বিভিন্ন মিডিয়া ও ওয়েব সাইট মারফত দেশের মানুষ ও বিশ্ব জেনে গেছে।
আমার দৃঢ় বিশ্বাস, সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিলখানা হত্যাযজ্ঞের রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে জনগণের একটি দেশপ্রেমিক সরকার কায়েমের কোনো বিকল্প নেই।
দেশবাসীকে এক হয়ে সেই লক্ষ্যপথে এগিয়ে যাবার জন্য আমি আজকের এ সভা থেকে আহ্বান জানাচ্ছি।
সুধীবৃন্দ,
পিলখানা হত্যাযজ্ঞের সময়কার অনেক রহস্যময় ঘটনাবলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনারা জানেন, কিভাবে মাইকিং করে লোকজনকে সরিয়ে দিয়ে এবং রাতের বেলা বিদ্যুৎ বন্ধ রেখে অজ্ঞাতপরিচয় খুনীদের পালাতে সাহায্য করা হয়েছে।
আপনারা দেখেছেন খোঁড়া অজুহাত তুলে কিভাবে সশস্ত্র বাহিনীকে বাধা দেয়া হয়েছে বিদ্রোহ দমনের জন্য অভিযান চালাতে।
আপনারা শুনেছেন, পিলখানার ভেতরে যখন হত্যাযজ্ঞ চলছিল তখন প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে বসে গোপন শলা-পরামর্শ করছিলেন। তাদেরকে পাঁচতারা হোটেল থেকে খাবার এনে আপ্যায়ন করেছেন।
একই সময়ে প্রধানমন্ত্রীর বাসায় তিন বাহিনী প্রধান উপস্থিত থাকলেও তাদেরকে ওই বৈঠকে যোগ দিতে দেয়া হয়নি।
প্রচার মাধ্যমে হজ্ঞাযজ্ঞের কথা দীর্ঘ সময় ধরে চেপে রেখে খুনীদের জন্য তড়িঘড়ি 'সাধারণ ক্ষমা' ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও সংবিধান অনুযায়ী সে ক্ষমতা ও এখতিয়ার তার ছিল না।
আপনারা জানেন, বিদ্রোহের অন্যতম হোতাকে বিডিআর-এর মহাপরিচালক পদে বসানোর কথাও প্রচার করা হয়েছিল।
বিমানের ফ্লাইট বিলম্বিত করে কয়েকজন বিদ্রোহীকে বিদেশে চলে যেতে দেয়ার ঘটনাও দেশবাসী জানতে পেরেছেন সংবাদ-মাধ্যমে ।
সরকারের তরফ থেকে এসব কার্যকলাপের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি।
তদানীন্তন কুচক্রী সেনাপ্রধান জেনারেল মইন তার অধীনস্ত অফিসারদের জীবন বাঁচাতে কেন ব্যর্থ হলো? কেন সে বিদ্রোহ দমনের কোনো উদ্যোগ না নিয়ে প্রধানমন্ত্রীর বাসার বারান্দায় ধর্ণা দিয়ে বসে থাকলো, এর উত্তরও তাকে একদিন দিতে হবে।
মূল ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না পায়, তার জন্য জিজ্ঞাসাবাদের নামে অনেক বিডিআর সদস্যকে ঠেলে দেয়া হয়েছে রহস্যজনক মৃত্যুর পথে।
সেনাবাহিনীর যে ক্ষুব্ধ সদস্যরা বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদেরকে চাকরি হারাতে হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে প্রহসনের বিচারে অনেকের ভাগ্যে জুটেছে নির্যাতন ও কারাদণ্ড। সশস্ত্রবাহিনীতে পিলখানা বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটানোর প্রচ্ছন্ন হুমকির কথাও আজকাল শোনা যাচ্ছে।
আমরা এসব অন্যায়ের প্রতিবাদ করতে পারি। কিন্তু প্রতিকার করতে হলে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সক্ষম একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমি আজ সে কথা বলতেই এসেছি।
সৈনিক থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক প্রতিটি সদস্যের উদ্দেশে আমি বলতে চাই, অনেক কষ্টে আমরা এই প্রতিরক্ষা বাহিনীকে গড়ে তুলেছি। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে।
কেবল বাইরে থেকে নয়, কখনো কখনো ভেতরকার মুষ্টিমেয় কিছু লোক নিজেদের উচ্চাভিলাষ চরিতার্থ করতে গিয়েও এই বাহিনীর মর্যাদা, সুনাম ও শৃঙ্খলা নষ্ট করেছে। এতো কিছু সত্বেও আমাদের সশস্ত্র বাহিনী আজও জনগণের আশা-আকাঙক্ষার প্রতীক।
আমার আহ্বান, যে-কোনো উস্কানি ও প্রতিকূলতার মুখেও সকল স্তরে আপনারা ঐক্য, সংহতি ও শৃঙ্খলা বজায় রাখবেন। সব সময় সজাগ ও সতর্ক থাকবেন।
নৈতিক মান ও সাহস অটুট রাখবেন। যাতে শান্তিতে কিংবা সমরে, জাতির যে-কোনো প্রয়োজনে অথবা বিপর্যয়ের মুহূর্তে আপনারা অতীতের ঐতিহ্য সমুজ্জল রেখে জনগণের পাশে এসে দাঁড়াতে পারেন।
প্রিয় ভাই-বোনেরা,
পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে আমাদের জাতীয় জীবনে সুদূরপ্রসারী আরেক গুরুতর বিপর্যয় ঘটে গেছে। চক্রান্তকারীরা এক ঢিলে দুই পাখি মেরেছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর অপরিসীম ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। তাদের মনোবল নিঃশেষ হয়ে গেছে। তারা আজ কাঠগড়ার আসামী।
এই মহাক্ষতি জাতি হিসেবে আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারবো আমি জানি না।
আজ আমাদের বিশাল সীমান্ত অরক্ষিত। চোরাচালানে দেশ ভরে গেছে। দেশের শিল্প-উৎপাদন বিপন্ন হয়ে পড়ছে। অবাধে আসছে মাদক। জাতির ভবিষ্যৎ তরুণ-সমাজ হচ্ছে বিপথগামী।
সীমান্তে প্রতিনিয়ত নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যা করা হচ্ছে। ফেলানীর মতো নিষ্পাপ কিশোরীদের মৃতদেহ কাঁটাতারে ঝুলছে।
প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীরা আমাদের সীমানা ও জমি জোর করে দখল করছে। বলপূর্বক ভেতরে ঢুকে শষ্য, গবাদিপশু ও সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। সরকার প্রতিবাদহীন, নির্বিকার।
পরাক্রমশালী প্রতিবেশীকে আরো কী কী দিয়ে তুষ্ট রাখা যায়, তারা সে নিয়ে রয়েছে ব্যতিব্যস্ত।
এই হীন, দাস্য মনোভাব ও নতজানুতা দেখে মনে হয় না, এরা বাংলাদেশের সরকার।
মনে হয় না, এদের হাতে জাতীয় স্বার্থের হেফাজত সম্ভব।
বাংলাদেশের জনগণ নয়, ভিনদেশী প্রভুদেরকেই এই সরকারের লোকেরা তাদের রক্ষক ও নিরাপত্তার গ্যারান্টি বলে মনে করে।
সমবেত সুধী,
দীর্ঘদিন ধরে নানামুখী অপপ্রচার চালিয়ে, অশুভ আঁতাত ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি ডেকে এনে এক প্রহসনের নির্বাচনে ক্ষমতার মসনদে আসীন হয়েছে বর্তমান শাসকেরা। কিন্তু মাত্র দুই বছরের ব্যবধানে সকলের সামনে দিনের আলোয় স্পষ্ট হয়ে গেছে যে, এই সরকার দেশ পরিচালনা করতে আসেনি। এরা জনগণের কল্যাণ করতে আসেনি।
জাতীয় স্বার্থ ও মানুষের কল্যাণ চিন্তা এদের মাথায় নেই। অযোগ্য, ব্যর্থ ও অত্যাচারীই শুধু নয়, এরা অবস্থান নিয়েছে দেশ-জাতির স্বার্থের বিরুদ্ধে।
দুই বছরেই সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠনে দেশটাকে এরা কোথায় এনে দাঁড় করিয়েছে? এদের লুট, দখল, সন্ত্রাসে সারা বাংলাদেশ আবারো উপদ্রুত জনপদে পরিণত হয়েছে। আগের বারের মতো এবারো তারা শেয়ার বাজারে ৩৩ লাখ পরিবারের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, তাদেরকে নিঃস্ব করে দিয়েছে।
শাসক পরিবারের এক ভাগ্যের বরপুত্র হাজার হাজার কোটি ডলার লুট করে বিদেশী ব্যাংকে গড়েছে সঞ্চিত অর্থের পর্বত। কেবল ভারতী এয়ারটেলের কাছে ওয়ারিদের শেয়ার কেনা-বেচায় কারসাজির মাধ্যমেই হাতিয়ে নিয়ে গেছে কয়েকশ' কোটি টাকা। ৬৪ হাজার কোটি টাকা লুট হয়েছে শেয়ার বাজার থেকে। এর বিরাট অংশ বাইরে চলে গেছে।
আরো ভয়ংকর সব দুর্নীতি, লুঠ ও জালিয়াতির তথ্য-প্রমাণ প্রতিনিয়ত আমরা পাচ্ছি। সময় এলে সেগুলো সবিস্তারে তুলে ধরবো এবং এবার এসব লুণ্ঠনের বিচার হবে ইনশাআল্লাহ্।
প্রিয় ভাই-বোনেরা,
কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নয়, বর্তমান সরকার দেশের সম্মানিত ও বরেণ্য নাগরিকদেরকেও নানাভাবে অপমান ও হেনস্তা করছে।
তাদের মিথ্যা প্রচারণার শিকার বিরোধী দল হিসেবে কেবল আমরা নই, মর্যাদাবান প্রতিটি ব্যক্তি ও নাগরিক সমাজ আজ তাদের সন্ত্রাস, হামলা, অপমান ও নিম্নরুচির বক্তব্যে আক্রান্ত হচ্ছে। তাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সম্মান বাঁচাবার তাগিদে সকলকেই সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
কেবল বিরোধী দল, জনসাধারণ কিংবা শাসক জোটের লোকেরাই নয়, আওয়ামী লীগের ঘরের লোকেরাও সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও দুঃশাসনের বিরুদ্ধে আজ মুখ খুলতে শুরু করেছে।
আজ দেশে দেশে জেগে উঠেছে উৎপীড়িত মানুষ। জুলুম, দুঃশাসন, লুণ্ঠন, শোষণ, দুর্নীতির শাসনের অবসান ঘটছে। সেই রোমাঞ্চকর জনজাগরণের সাফল্য বাংলাদেশের মানুষকেও আশাবাদী, সংগঠিত ও সাহসী করে তুলেছে।
দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা আমাকে বলে দিচ্ছে, উত্তাল আরেকটি দুর্বার আন্দোলনের জন্য সারাদেশেই আজ টান-টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানুষ তৈরি হয়ে আছে।
এ অবস্থায় আন্দোলন শুরু হলে তার অনিবার্য পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, সে কথা অবোধ কিংবা বিকারগ্রস্ত না হলে কারুরই না বোঝার কথা নয়।
সে ধরণের একটি আন্দোলনের সূত্রপাত ঘটার আগে সরকারের প্রতি আমার একটি চূড়ান্ত আহ্বান রয়েছে। সেটি হলো, বিপর্যয় ঘটে যাবার আগে, চাপের মুখে অসম্মানজনকভাবে বিদায় নিতে না চাইলে, অবিলম্বে পদত্যাগ করুন। মধ্যবর্তী নির্বাচন দিন। বাংলাদেশে অনতিবিলম্বে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের মাধ্যমেই কেবল অনিবার্য উত্তাল গণঅভ্যূত্থানকে পাশ কাটানো সম্ভব।
এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
bdnews24