চাঁদপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জমা খাবার সব শেষ হয়ে গেছে। খাবার পানিও নেই। চারদিকে গোলার শব্দ। যে কোন সময় তাদের উপর হামলা হতে পারে।
লিবিয়া থেকে গত বৃহস্পতিবার ছোটবোনের কাছে ফোনে এ কথা কথাগুলো বলেন চাঁদপুরের মো. হানিফ (২৪)।
তার সঙ্গে রয়েছেন একই গ্রামের আলমগীর হোসেন (২২), গিয়াসউদ্দিনও (২৫)।
তারাসহ অন্তত ১৫শ' বাংলাদেশি সেখানকার একটি স্টেডিয়ামের গ্যালারির নিচে আশ্রয় নিয়েছেন বলে হানিফ জানান।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদী রামপুর গ্রামের মো. হানিফসহ তিনজন গত বছরের ডিসেম্বরে লিবিয়া যান। সেখানে বেনগাজী সিটিতে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করছিলেন তারা।
হানিফের বাবা হারুনুর রশিদ বলেন, "মানুষের কাছ থেকে ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছি। গত কোরবানির ঈদে সে কিছু টাকা পাঠিয়েছে। এ মাসের ২০ তারিখ আরো কিছু পঠানোর কথা ছিল। কিন্তু লিবিয়ায় সহিংস ঘটনায় তার জীবন এখন বিপন্ন।"
হানিফ তার ছোটবোন সুমিকে মোবাইল ফোনে জানান, প্রায় ১৫শ' বাংলাদেশিসহ তিনি বেনগাজী সিটি থেকে ২৫ কিলোমিটার দূরে একটি স্টেডিয়ামের গ্যালারির নিচে আশ্রয় নিয়েছেন।
তাদের সঙ্গে প্রথমে কিছু শুকনো খাবার আর পানীয় থাকলেও এখন কিছুই নেই।
শুক্রবার বিকাল থেকে হানিফের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান।
হানিফের মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার বুকের ধনকে তোমরা এনে দাও।"
একই গ্রামের আলমগীর হোসেন (২২) ও গিয়াসউদ্দিনের (২৫) পরিবারের সদস্যরাও পাগলপ্রায়। গত তিন দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানান আলমগীরের ছোটবোন জাকিয়া আক্তার।
পরিবারের সদস্যরা সরকারের কাছে হানিফের মতো আটক সব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন করেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24