বগুড়া, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় বগুড়ায় একটি স্থানীয় দৈনিকের সম্পাদকের দু'বছর কারাদণ্ড হয়েছে।
বুধবার রাতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা এ সাজা দেন।
দণ্ডিত আনোয়ার রহমান সুমন (৩৭) বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরাঞ্চল'র সম্পাদক।
পুলিশ জানায়, দণ্ডিত আনোয়ার হোসেন সুমনকে রাত ১০টা ১৫ মিনিটে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডিত সাংবাদিক সুমন রহমান জনতা মেডিকেল ইন্সটিটিউট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার বিচার করা হচ্ছিল ওই ভ্রাম্যমাণ আদালতে।
মেয়েটির মা অভিযোগ করেন, তার মেয়ে ওই প্রতিষ্ঠানের প্যারামেডিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সজল কুমার নামে এক সহপাঠী এবং তুষার মোল্লা ও রাব্বী নামে বহিরাগত দুই যুবক দীর্ঘদিন ধরে তার মেয়েকে ক্যাম্পাসে উত্ত্যক্ত করে আসছিল।
মঙ্গলবার মেয়েটি বিষয়টি প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন সুমনকে জানালে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ওই ছাত্রীকেই বকাঝকা করেন।
পরে তার মা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকেলে জনতা মেডিকেল ইন্সটিটিউটে আদালত বসিয়ে বিচার করার এক পর্যায়ে আনোয়ার হোসেন সুমন বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আদালত পরিচালনায় বাধা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24