২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি কর্মী সরিয়ে নেবে কোরীয় কোম্পানি

লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে সেখান থেকে বাংলাদেশিসহ অন্যান্য শ্রমিকদের মিশর সীমান্তে সরিয়ে নেবে দক্ষিণ কোরীয় কোম্পানিগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে সেখান থেকে বাংলাদেশিসহ অন্যান্য শ্রমিকদের মিশর সীমান্তে সরিয়ে নেবে দক্ষিণ কোরীয় কোম্পানিগুলো। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নূরুজ্জামান বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ত্রিপোলিতে দাইয়ু প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, নিরপত্তার স্বার্থে বাংলাদেশিসহ তাদের সব শ্রমিককে বেনগাজি থেকে মিশর সীমান্তে সরিয়ে নেওয়া হবে।" কোরিয়ার অপর দুই বড় কোম্পানি হুন্দাই ও ডঙ আহ একই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে রাষ্ট্রদূত জানান। লিবিয়ার রাজধানী ত্রিপোলির তুলনায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত বেনগাজি তুলনামূলকভাবে নিরাপদ জানিয়ে নূরুজ্জামান বলেন, "সেখানে একটি ক্যাম্প করা হয়েছে। বাংলাদেশিদের আমরা সেখানে যাওয়ার পরামর্শ দিচ্ছি।" রাজনৈতিক সংস্কার ও সরকার পরিবর্তনের দাবিতে লিবিয়ায় গত বুধবার থেকে বিক্ষোভ চলছে। রাজধানী ত্রিপোলিসহ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় মুয়াম্মার গাদ্দাফির সরকার তা কঠোরভাবে দমন করছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত সহিংসতায় আড়াইশোর বেশি লোক নিহত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত লিবীয় রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ আল-ইমানসহ বিভিন্ন দেশে লিবীয় কূটনীতিকরা এর প্রতিবাদে পদত্যাগ বা সরকারের পক্ষত্যাগ করেছেন। নূরুজ্জামান বলেন, "বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত কোনো বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কেউ কেউ সামান্য আহত হয়েছেন।" "আমি রেড ক্রসের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে তাদের সহায়তা চেয়েছি," যোগ করেন তিনি। তবে লিবিয়ার পরিস্থিতি ভালো নয় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, "গতকাল রাতেও এখানে বিদ্যুৎ ছিল না। আজ কী হবে তা জানি না।" তিনি জানান, লিবিয়ায় কর্মরত বাংলাদেশিদের সহযোগিতা করতে বাংলাদেশ দূতাবাস একটি সহায়তা সেল খুলেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি সেখানে পরিদর্শন করেছেন। লিবিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত কয়েকদিনে শতাধিক বাংলাদেশিসহ তিনশরও বেশি বিদেশিকে জিম্মি করেছে বলে সোমবার খবর পাওয়া যায়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে তাদের আটক রাখা হয়েছে বলে জিম্মি থাকা বাংলাদেশি নাগরিক শফিউদ্দিন বিশ্বাসের ভাই জিন্নাত আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তবে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লিবিয়ায় কোনো বাংলাদেশিকে জিম্মি করার বা হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে প্রয়োজন হলে সেখান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশী কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। এদিকে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বুধবার সকালে বাংলাদেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) প্রধান রবাব ফাতিমার সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, লিবিয়া থেকে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। ওই কর্মকর্তা জানান, হুন্দাইসহ দক্ষিণ কোরিয়ার অন্য কোম্পানিগুলো বাংলাদেশি শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। হুন্দাই ও ও'ন ইতিমধ্যে মন্ত্রণালয়কে এ বিষয়ে ই-মেইল পাঠিয়েছে। অন্য কোম্পানিগুলো টেলিফোনে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান তিনি। বিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/জেকে/১৮৩৮ ঘ.