২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ আরো পদ পাবে'

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নীতিনির্ধারক পর্যায়ে বাংলাদেশ থেকে আরো কর্মকর্তা নিয়োগ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নীতিনির্ধারক পর্যায়ে বাংলাদেশ থেকে আরো কর্মকর্তা নিয়োগ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে মীরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১০-১১ গ্রাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমার অনুরোধের প্রেক্ষিতে ইতিমধ্যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে বেশ কিছু নীতিনির্ধারণী পদ ও পদবী দেওয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ থেকে ওইসব পদে আরো কর্মকর্তা নিয়োগ করা হবে।" আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষা, গণতন্ত্রের উত্তরণ ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "তাদের সাফল্যে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।" তিনি বলেন, "আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্ব শান্তিরক্ষা ও সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আর সে আদর্শকে সামনে রেখেই আমাদের সশস্ত্র বাহিনীকে এগিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে গড়ে তুলতে চাই।" প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সম্পদ সীমিত। আর এ সীমিত সম্পদ দিয়েই একটি যুগোপযোগী দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। এ জন্যে প্রয়োজন উন্নতমানের প্রশিক্ষণ এবং প্রতিটি সদস্যের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন।" দ্রব্যমূল্যর ঊর্ধগতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়ার পরও সরকার বিভিন্ন 'ইনসেনটিভ' দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়মতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পরে গ্রাজুয়েশন কোর্সে ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী। ১৮টি দেশের ৩৯ জনসহ সশস্ত্র বাহিনীর ১৭৫ জন সদস্য এই কোর্সে অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী কলেজ গ্রাউন্ডে পৌঁছালে কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী তাকে স্বাগত জানান। অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবিন, নৌবাহিনীর প্রধান এডমিরাল জেড ইউ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭২৯ ঘ.