২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গৃহবধূ হত্যার অভিযোগ

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামে মঙ্গলবার এক গৃহবধূ স্বামীর হাতে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

নওগাঁ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামে মঙ্গলবার এক গৃহবধূ স্বামীর হাতে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকালে নিহত রোকসানা আক্তার মুক্তা (২৬) বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মোনায়েম ফারুক তাজুর স্ত্রী। যৌতুক না দেওয়া এবং অন্য মেয়ের সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে নিহতের পরিবার দাবি করছে। ঘটনার পর থেকে তাজু পলাতক রয়েছেন। বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মুক্তার বাবা নওগাঁ জজ আদালতের জারিকারক মো. রইস উদ্দিন সাংবাদিকদের বলেন, পাঁচ বছর আগে মুক্তার সঙ্গে একই গ্রামের তাজুর বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় তাজু তার কাছে যা চেয়েছে তিনি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছেন। বেশ কিছুদিন থেকে তাজুর সঙ্গে সদর উপজেলার শৈলগাছী গ্রামের এক মেয়ের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তাজু তার মেয়ের উপর নির্যাতন শুরু করে। তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে তাজু তার চিকিৎসার জন্য তার (শ্বশুর) কাছে দুই লাখ টাকা দাবি করেন। এ টাকা না দেওয়া এবং অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় মুক্তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এদিকে মুক্তার ভাসুর মামুন আল ফারুক দাবি করেন, সংসারের অভাব অনটন থেকে মুক্তা আত্মহত্যা করেছে। পারিবারিক কোনো সমস্যা ছিল না। যৌতুকের দাবি এবং অনৈতিক সম্পর্কের কথা তিনি অস্বীকার করেন। নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, লাশের শরীর ও ঘরের আলামত দেখে ধারণা করা হচ্ছে বিষয়টি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৭ ঘ.