ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনসহ দুই প্রতিষ্ঠানের সাতজনের বিরুদ্ধে মেধাস্বত্ব (কপিরাইট) আইন ভঙ্গ ও প্রতারণার মামলা করেছেন আবৃত্তিকার মেহেদী হাসান।
মামলার আসামিরা হলেন- গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল, চেয়ারম্যান সিগভে ব্রেক, মুঠোফোনে স্বাগত সুরধ্বনি (ওয়েলকাম টোন) পশ্চাত সুরধ্বনি (রিং ব্যাক টোন) সরবরাহকারী ইনফোরেভ লিমিটেডসহ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুজতবা সাত্তার, ইনফোরেভের পরিচালক (প্রশাসন) সাবরিনা আক্তার, ব্যবস্থাপক তামজিদ উল আলম, অডিও বাজারজাতকারী প্রতিষ্ঠান মার্স'র স্বত্ত্বাধিকারী আজিজুর রহমান কচি।
মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়। শুনানি গ্রহণ করেন মহানগর হাকিম জুলফিকার হায়াত।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন বাদি।
গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমরা এখনো জানি না। জানার পর আমরা আনুষ্ঠানিক বক্তব্য দেব।"
২০০৯ সালের ২৮ অক্টোবরে গীতিকার, সুরকার, শিল্পী আপেল মাহমুদের দায়ের করা কপিরাইটের মামলায় হংকং সাংহাই ব্যাংক লিমিটেডের বাংলাদেশ অংশের মুখ্য নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে মামলাটি বাদির সঙ্গে আসামিদের আপোষ হয়ে নিষ্পত্তি হয়।
এরপর মুঠোফোন প্রতিষ্ঠান 'রবি', এক্সিয়াটার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেন শিল্পী জেমসসহ কয়েকজন।
বাদিপক্ষের আইনজীবী মো. খালেদ হোসেন সরকার রুমী জানান, হাকিম মামলার শুনানি গ্রহণ করলেও কোন আদেশ দেননি।
মামলায় বলা হয়, বাদি ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত অডিও আবৃত্তি ক্যাসেট প্রকাশ করেন।
এতে বলা হয়, এ মামলার আসামিরা পরস্পর যোগসাজসে বাদির মৌখিক বা লিখিত অনুমতি ছাড়া তার আবৃত্তি করা "মিথিলা-১" অ্যালবাম থেকে 'মেহেদীপাতা দেখেছ নিশ্চয়', 'চাঁদের আপাত সুন্দর', 'মরণ', 'তোমার বুকে', 'ভালবেসে নয়','অনন্তকাল', 'যে নারীর', 'যে মিথিলা', মিথিলা-২ অ্যালবাম এবং অন্য আকাশ থেকে বিভিন্ন আবৃত্তি, গ্রামীণফোনের রিংব্যাক টোন ও ওয়েলকাম টিউনে ব্যবসায়িক উদ্দেশে ব্যবহার করে।
বাদি অভিযোগ করেন, ২০০৯ সালের মে-জুন মাসে বিষয়টি তিনি ইনফোরেভের অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা বাদির সঙ্গে দুর্ব্যবহার করেন।
পরে বাদি বিষয়টি মিউজিক ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কুমার বিশ্বজিৎকে জানান। এরপর বিষয়টি নিয়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রাজি হন অভিযুক্তরা।
বাদি মামলায় আরো অভিযোগ করেন, আলোচনার সমাধান অনুযায়ী বাদিকে প্রাপ্য পরিশোধ করেননি অভিযুক্তরা।
মামলায় আরো বলা হয়, এর আগে বাদি ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আসামিদেরকে সাধারণ নোটিশ ও পরে গত ১৬ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ দেন। কিন্তু নোটিশ পাওয়ার পরও আসামিরা অবৈধভাবে তার আবৃত্তি ব্যবহার থেকে বিরত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/২০০০ ঘ.
bdnews24