গাজীপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার তামান্না সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে।
পুলিশ জানিয়েছে, এক পর্যায়ে শ্রমিকেরা কারখানার জানলার কাচ ভাংচুর করে এবং লাঠিসোটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। তারা কয়েকটি বাস ও ট্রাকসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক সাংবাদিকদের জানান, কারখানা কর্তৃপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করে না। গত ঈদে বোনাস দেয়নি। রাত্রিকালীন কাজের জন্য বাড়তি মজুরি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না।
ওই শ্রমিক বলেন, সময়মত বেতন না পেলে তাদের সংসার চালানো দায় হয়ে পড়ে।
শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, মালিকপক্ষ গত ২৫ জানুয়ারি জানিয়েছিলো ওই মাসের বেতন ৭ ফেব্র"য়ারি দেওয়া হবে। পরে পিছিয়ে ১০ ফেব্র"য়ারি বেতন দেওয়ার কথা জানায়।
বৃহস্পতিবার সকালে কাজ শুরুর আগে মালিকপক্ষের লোকজন কারখানায় এসে ১৫ ফেব্র"য়ারি বেতন পরিশোধের কথা জানায়। এ নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং রাস্তায় নেমে আসে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঞা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেতন আদায়ে সহযোগিতা করার প্রতিশ্র"তি দিয়ে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
ওসি জানান, দুপুর ১২টার দিকে শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের সঙ্গে বেতন নিয়ে আলোচনা করে পুলিশ। মালিকপক্ষ আগামী ১৫ ফেব্র"য়ারি গত মাসের বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরের মাস থেকে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধেরও প্রতিশ্র"তি দেয় মালিকপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24